শেবাগের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ফিরোজ শাহ কোটলায় তাঁর বিদায়ী সংবর্ধনায় দুই ছেলে, মা ও স্ত্রীর সঙ্গে বীরেন্দর শেবাগ l এএফপি
কাল ফিরোজ শাহ কোটলায় তাঁর বিদায়ী সংবর্ধনায় দুই ছেলে, মা ও স্ত্রীর সঙ্গে বীরেন্দর শেবাগ l এএফপি

শচীন টেন্ডুলকারের মতো মহিরুহ নন। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিও নন। তবু টেন্ডুলকার, গাভাস্কাররা যা পারেননি সেটিই করে দেখিয়েছেন বীরেন্দর শেবাগ। ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান। একটি নয়, দু-দুটি ট্রিপল সেঞ্চুরি তাঁর। টেস্টে ভারতের বড় তিনটি (৩১৯, ৩০৯ ও ২৯৩) ব্যক্তিগত ইনিংসের মালিকও নজফগড়ের ‘নবাব’।
তাঁর ৩১৯ রানের রেকর্ডটি কত দিন পর, কে ভাঙবে সময়ই বলবে। তবে দুই ছেলে আর্যবীর ও বেদান্তকে ক্রিকেটে উৎসাহিত করার জন্য একটা চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন, যা তাঁর রেকর্ডটির সঙ্গে সম্পর্কিত। যেকোনো ক্রিকেটে তাঁর ৩১৯ রান ছাড়িয়ে যেতে পারলেই ছেলেদের ফেরারি গাড়ি উপহার দেবেন শেবাগ, ‘আমি আমার ছেলেদের বলেছি, তারা যদি আমার ৩১৯ রানের রেকর্ড ভাঙতে পারে, সেটি স্কুল, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ যেকোনো ক্রিকেটেই হোক না কেন, আমি একটি ফেরারি উপহার দেব।’
গত অক্টোবরে একেবারেই হুট করে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন ৩৭ বছর বয়সী শেবাগ। কাল তাঁর ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় সংবর্ধনা দিল বিসিসিআই এবং দিল্লি ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই সংবর্ধনা অনুষ্ঠানেই ছেলেদের ফেরারি উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন শেবাগ। আর্যবীর ও বেদান্ত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর মা ও স্ত্রী। অভিষেক টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইনে সেঞ্চুরি করেছিলেন। সেটিকেই তাঁর ক্যারিয়ারের স্মরণীয়তম মুহূর্ত হিসেবে বেছে নিলেন ১০৪টি টেস্ট ও ২৫১টি ওয়ানডে খেলা শেবাগ। আইএএনএস।