শেবাগের ব্যাটিং অনুপ্রেরণা অঙ্গদ

কে ছিলেন বীরেন্দর শেবাগের ব্যাটিং অনুপ্রেরণা? অনুমান করুন তো? ভিভ রিচার্ডস নাকি সুনীল গাভাস্কার? ভারতীয় ক্রিকেটের অন্যতম মারকুটে ব্যাটসম্যানের ব্যাটিং অনুপ্রেরণা এদের কেউই নন। কোনো ক্রিকেটারই শেবাগের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য প্রেরণা হিসেবে কাজ করেনি। রহস্যটা জানিয়েছেন শেবাগ নিজেই। নিজের টুইটারে রামায়ণের চরিত্র অঙ্গদের ছবি পোস্ট করে দেখিয়েছেন তাঁর ব্যাটিং প্রেরণার ব্যক্তিত্বকে।
ছবিতে দেখা যায় অঙ্গদ ও বানরসেনা রাবণের এক সেনাপতির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে। এই সেনাপতি ওদের আঘাত করতে গিয়েও ফেরাতে পারেনি। সেই ছবির নিচে শেবাগ লিখেছেন, পা নাড়ানো মুশকিল নয়, অসম্ভব। হ্যাশট্যাগ ব্যানারে জুড়েছেন আরেকটি কথা, ‘ডন অঙ্গদজি রকস।’
রামায়ণের এই দৃশ্য সেই সময়ের যখন রামের দূত হয়ে রাবণের প্রাসাদে গিয়েছিলেন অঙ্গদ। তিনি গিয়ে বলেছিলেন, যুদ্ধ চান না রাম। বরং সীতাকে ফিরিয়ে দিলে সৈন্যসহ ফিরে যাবেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে উল্টো রামকে অপমান করেছিলেন রাবণ। সেই সময় রাবণের প্রাসাদের মধ্যে পা বাড়িয়ে অঙ্গদ বলেছিলেন, ‘আপনার সৈন্যের মধ্যে কেউ যদি পা নাড়াতে পারেন তাহলে গোটা বানর সেনা নিয়ে আমি লড়ব।’ কিন্তু কেউই পা নাড়াতে পারেননি। এমনকি রাবণ পুত্র ইন্দ্রজিৎও না।
ছবির এই অঙ্গদকে দেখিয়েই মূলত শেবাগ বোঝাতে চেয়েছেন, তার ব্যাটিং অনুপ্রেরণার রহস্যের কথা। করোনাভাইরাসের এই দুযোর্গময় পরিস্থিতিতে সারা ভারতজুড়েই চলছে লকডাউন। এই সময় দূরদর্শনে পুনঃপ্রচার করা হচ্ছে রামায়ণ। সেই সিরিজ দেখেই ছবিটি পোস্ট করেছেন শেবাগ।