শেবাগের সেরা অধিনায়ক কুম্বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরভ গাঙ্গুলীর অধীনে ক্যারিয়ারের শুরু, একে একে খেলেছেন রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনিদের অধিনায়কত্বে। জয়ের হিসাবে ভারতের সবচেয়ে সফল পাঁচ অধিনায়কের তালিকা করলে আজহারউদ্দিন ও কপিল দেবের সঙ্গে থাকবেন এই তিনজনই। তবে এঁদের কেউ নন, একসঙ্গে খেলেছেন এমন অধিনায়কদের মধ্যে বীরেন্দর শেবাগের চোখে সেরা অনিল কুম্বলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই সপ্তাহও হয়নি। প্রস্তুতি নিচ্ছেন টেন্ডুলকার-ওয়ার্নের মস্তিষ্কপ্রসূত অল স্টারস ক্রিকেট সিরিজে খেলার। এক ফাঁকে গত শুক্রবার ইন্ডিয়া টুডে-এর সঙ্গে এক সাক্ষাৎকারে শেবাগ কথা বলেছেন অনেক বিষয় নিয়েই। সেখানেই সেরা অধিনায়কের প্রশ্নে ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান উত্তরটা দিলেন সোজা ব্যাটে—তাঁর চোখে সেরা ওই অপ্রথাগত লেগ স্পিনারই। কারণ কুম্বলে তাঁকে সহজাত আক্রমণাত্মক ব্যাটিংটা করার লাইসেন্স দিয়ে দিয়েছিলেন!
কদিন আগে অন্য এক সাক্ষাৎকারে শেবাগ বলেছিলেন, ‘একসঙ্গে খেলেছি এমন অধিনায়কদের মধ্যে কুম্বলেই সেরা। ও আমাদের আত্মবিশ্বাসটাই বাড়িয়ে দিত।’ আত্মবিশ্বাস অবশ্য রান হয়ে ঝরেছে শেবাগের ব্যাটেও। ২০০৭-০৮ মৌসুমে ভারতের হয়ে মাত্র ১৪ টেস্টে অধিনায়ক ছিলেন কুম্বলে। শেবাগ দলে ছিলেন এর ৯টিতে। এ সময় ১৭ ইনিংসে তাঁর ব্যাট থেকে ১০৪০ রান এসেছে একটি করে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি ও ট্রিপল সেঞ্চুরি থেকে। স্মরণযোগ্য যে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ট্রিপল সেঞ্চুরিটা এখনো টেস্ট ক্রিকেটের দ্রুততম (২৭৮ বলে)। সূত্র: ইন্ডিয়া টুডে।
একমাত্র ওয়ানডেতেই জয়ের পাশে ১৪ টেস্টে মাত্র ৩ জয়ের রেকর্ডটা কুম্বলেকে খুব সফল বলবে না। তবে শেবাগের মতো একজন যদি তাঁর প্রেরণাতেই এমন বিস্ফোরক হয়ে থাকেন, তাহলে অবশ্যই কৃতিত্ব দিতে হবে অধিনায়ককে।