শেরেবাংলার সঙ্গে প্রেমাদাসার 'ম্যাচ ড্র'

>
- প্রেমাদাসার চেয়ে খেত্তারামা বললে দ্রুত চেনে সবাই।
- শেরেবাংলায় গ্রান্ড স্ট্যান্ড যত বড়, প্রেমাদাসার সেটি নয়।
- শেরেবাংলার চেয়ে প্রেমাদাসা এগিয়ে দর্শক ধারণক্ষমতায়।
প্রেমাদাসা স্টেডিয়ামে যাবেন? বেবিট্যাক্সি (কলম্বোয় যেটির নাম ‘টুকটুক’) চালক হাঁ করে তাকিয়ে রইলেন। বুঝতে পারছেন না, কলম্বো শহরে প্রেমাদাসা স্টেডিয়ামের অবস্থানটা কোথায়! সমস্যার সমাধানে এগিয়ে এলেন হোটেল ম্যানেজার!
চালককে সিংহলিজ ভাষায় কী যেন বললেন। শুধু একটা শব্দই বোঝা গেল, ‘খেত্তারামা’! ম্যানেজারের কথা শেষে ‘আরে এটা বলবে তো’ অভিব্যক্তিতে চালক তাকালেন আমাদের দিকে। বেবিট্যাক্সি ঠিক হয়ে গেলে ম্যানেজার পরামর্শ দিলেন, প্রেমাদাসার চেয়ে খেত্তারামা বললে দ্রুত চেনে সবাই।
কলম্বোর প্রাণকেন্দ্রের একটু বাইরে জায়গাটার নাম খেত্তারামা। যদি মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের সঙ্গে তুলনা করেন, মিরপুর হচ্ছে খেত্তারামা আর প্রেমাদাসা হচ্ছে শেরেবাংলা। শুরুতে স্টেডিয়ামটির নাম খেত্তারামাই ছিল। ১৯৯৪ সালের জুনে এটির নতুন নামকরণ করা হয় রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম। আগের বছরই আত্মঘাতী বোমা হামলায় মারা গেছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট। তাঁর স্মৃতি অমর করে রাখতেই প্রেসিডেন্টের নামে নামকরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টেডিয়ামটা প্রেমাদাসার উদ্যোগেই নির্মিত। আরমর স্ট্রিট নামে যে মোড়টা আছে কলম্বোয়, সেখানে নিহত হয়েছিলেন প্রেমাদাসা। দুই কিলোমিটার পথও হবে না, মোড়টা ধরে পূর্ব দিকে এগোলেই শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্টেডিয়ামটির অবস্থান।
এখন যে জায়গায় দাঁড়িয়ে স্টেডিয়ামটি, একটা সময় নাকি এখানে বিশাল জলাভূমি ছিল। এখন অনেক ঘরবাড়ি হলেও আশপাশে খুব বেশি অট্টালিকা নেই। কলম্বো মূল শহরের চাকচিক্যের সঙ্গে বড় অমিল জায়গাটার। স্টেডিয়ামসংলগ্ন এলাকাটা মুসলিম-অধ্যুষিত বলে একাধিক মসজিদ থেকে একযোগে ভেসে আসা আজানের ধ্বনি শুনে কখনো কখনো মনে হয় কলম্বোয় নয়, ঢাকাতেই আছি! অবশ্য মিরপুর স্টেডিয়ামের মতো সারি সারি ফার্নিচারের দোকান দেখতে পাবেন না এখানে!
প্রেমাদাসার মূল মাঠে পা রাখলেই সবার আগে চোখে পড়ে ঢাউস এক স্কোরবোর্ড। এই স্কোরবোর্ডে লেখা হয়েছে কত কিংবদন্তির অমর গৌরবগাথা! দীর্ঘ প্রতীক্ষার পর ১৯৯৪ সালের সেপ্টেম্বরে শচীন টেন্ডুলকার প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এ মাঠেই। এ মাঠেই খেলা হয়েছে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস, ১৯৯৭ সালের আগস্টে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা করেছিল ৬ উইকেটে ৯৫২। প্রেমাদাসার অতীত, ইতিহাস, এ মাঠে গড়া রেকর্ড সবই কমবেশি জানা। নতুন যেটা হতে পারে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সঙ্গে প্রেমাদাসার পার্থক্যটা কোথায়?
শেরেবাংলা স্টেডিয়াম হচ্ছে বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’। আন্তর্জাতিক ভেন্যুর সঙ্গে বিসিবির কার্যালয়। স্টেডিয়ামের ভেতরই আছে একাডেমি ভবন, একাডেমি মাঠ, জিমনেশিয়াম, ইনডোর—এক কথায় সবই এক বিন্দুতে। প্রেমাদাসায় তা নয়। কলম্বো শহরে যে কটি আন্তর্জাতিক ভেন্যু রয়েছে, একমাত্র প্রেমাদাসাই শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নিজস্ব সম্পত্তি। এসএলসির কার্যালয় আবার সিংহলিজ স্পোর্টস ক্লাব-লাগোয়া।
শেরেবাংলার চেয়ে প্রেমাদাসা এগিয়ে দর্শক ধারণক্ষমতায়। মিরপুরে একসঙ্গে সাকল্যে ২৫ হাজার দর্শক খেলা দেখতে পারেন, প্রেমাদাসায় সেখানে ৩৫ হাজার।
একটা জায়গায় বেশ মিল, শেরেবাংলার মতো প্রেমাদাসায় ড্রেসিংরুমের অবস্থান একই, বোলিং প্রান্ত বা উইকেটকিপার বরাবর নয়। তবে শেরেবাংলায় গ্রান্ড স্ট্যান্ড যত বড়, প্রেমাদাসার সেটি নয়। সাধারণ দর্শকদের সুবিধাটাই যেন বেশি দেখা হয়েছে এ মাঠে। স্টেডিয়ামের স্থাপত্যে দর্শকদের সুবিধা যে বেশি প্রাধান্য পেয়েছে, সেটির আরেকটি প্রমাণ প্রতিটি গ্যালারিতেই শেড আছে, যাতে রোদ-বৃষ্টি থেকে রেহাই পান দর্শকেরা। শ্রীলঙ্কার পতাকার সঙ্গে মিল রেখে গ্যালারির আসনগুলোর রং নীল-হলুদ। তবে স্কোরবোর্ডের দুপাশে নিচতলার গ্যালারিতে কোনো চেয়ার নেই। সেই পুরোনো সিমেন্টের স্ল্যাবে বসে খেলা দেখেন দর্শকেরা।
শেরেবাংলার মতো ডিজিটাল স্কোরবোর্ড নেই প্রেমাদাসায়। তবে দর্শক কিংবা খেলোয়াড়েরা ভালোভাবে দেখতে পান, এমন অবস্থানে তিনটি জায়ান্ট স্ক্রিন আছে। শেরেবাংলায় দুটি জায়ান্ট স্ক্রিন আছে বটে, একটি বেশির ভাগ সময়ই থাকে অচল।
প্রেমাদাসায় পিচসংখ্যা ১০, শেরেবাংলায় সেখানে আটটি। এ মাঠে সীমিত ওভারের ক্রিকেট বেশি আয়োজন করা হয় বলে উইকেট হয় ব্যাটিংবান্ধব। গত কদিনে উইকেট নিয়ে প্রশংসাই শোনা গেল নিদাহাস ট্রফিতে অংশ নেওয়া তিন দলের খেলোয়াড়দের কাছে। প্রেমাদাসার আউটফিল্ডও অসাধারণ, তামিম ইকবালের ভাষায়, ‘ফিল্ডারকে একটু বিট করতে পারলেই চার!’ এখন প্রশ্ন উঠলেও শেরেবাংলার আউটফিল্ড কিংবা উইকেট আগে এমন অসাধারণই ছিল।
খেলোয়াড়দের সুবিধার দিক দেখলে বড় পার্থক্যটা হচ্ছে, শেরেবাংলায় উন্নত ইনডোর আছে, প্রেমাদাসায় যেটি নেই। স্টেডিয়াম লাগোয়া দুটি অনুশীলন মাঠ আছে ঠিকই, বৃষ্টি হলে সেখানে ব্যাটিং-বোলিং বন্ধ! শেরেবাংলার মতো অবশ্য প্রেমাদাসাতেও উন্নত জিমনেশিয়াম আছে।
সাংবাদিকদের জন্য শেরেবাংলা বরাবরই স্বর্গ! সেখানকার প্রেসবক্সের মতো প্রেমাদাসার প্রেসবক্স অতটা বড় নয়। প্রেসবক্সের অবস্থানও আকাশের কাছাকাছি! শেরেবাংলার প্রেসবক্স যতটা জমজমাট-হইচইপূর্ণ, প্রেমাদাসায় সেটি নয়। অমিল আছে সংবাদ সম্মেলন কক্ষেও। শেরেবাংলার সংবাদ সম্মেলন কক্ষ যতটা জাঁকালো, এখানে ততটা নয়। তৃতীয় তলায় ডাইনিংরুমের এক প্রান্তে ছোট্ট একটা ডায়াস, সেটির সামনে ১০-১২টা চেয়ার পাতা। বাংলাদেশ-ভারতীয় দলের সংবাদ সম্মেলন হলে অর্ধেক সাংবাদিককেই দাঁড়িয়ে থাকতে হয়! প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে সিঁড়ি ভেঙে প্রতিবেদকদের নিচে আসতে হয়, আলোকচিত্রীদের লিফট বেয়ে ওপরে উঠতে হয়। বাংলাদেশের সাংবাদিকেরা সবচেয়ে বেশি মিস করেন শেরেবাংলার স্বেচ্ছাসেবীদের, যাঁদের আন্তরিকতা আর সহায়তায় কাজের পরিবেশটা অনেক সহজ ও সুন্দর হয়ে ওঠে।
শেরেবাংলা যেমন বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’, শ্রীলঙ্কায় প্রেমাদাসাও ঠিক তাই। শেরেবাংলার চেয়ে প্রেমাদাসা কোথাও এগিয়ে, কোথাও আবার পিছিয়ে। বাংলাদেশ দলের সঙ্গে আসা বিসিবির নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের ভাষায়, ‘ম্যাচ ড্র! যদি তুলনা করেন, সুযোগ-সুবিধা বা অন্যান্য সবকিছু মিলিয়ে দুটির মাঠের কোনোটিই এগিয়ে বা পিছিয়ে রাখতে পারবেন না!’