শেরেবাংলায় ফিরে এলেন 'অলরাউন্ডার' মাহমুদ

‘খুব চাপে পড়ে গেলাম’—ব্যাট হাতে ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় আকরাম খানের রসিকতা। রসিকতা আসলে স্ত্রী সাবিনা আকরামকে উদ্দেশ করে। স্বামীর দুর্দান্ত ইনিংস দেখতে সাবিনা মাঠে এসেছেন, যদি না পারেন—আকরাম চাপে তো পড়বেনই! শুধু আকরাম কেন, এই ‘চাপে’ মিনহাজুল আবেদীন, ফারুক আহমেদ সবাই!

স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস এলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দৃশ্যটা দেখা যায়—সাবেক ক্রিকেটারদের পুনর্মিলনী। পুনর্মিলনীটা তাঁদের হয় প্রদর্শনী ম্যাচ ঘিরে। আজও সেটি হলো। পূর্বসূরিদের ব্যাটিং-বোলিং এবার ‘দর্শক’ হয়ে দেখলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় তিন ক্রিকেটার—মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। বিসিবির আয়োজনে প্রদর্শনী ম্যাচটিতে আকরাম খানের লাল দল ৬ উইকেটে হারিয়েছে ফারুক আহমেদের সবুজ দলকে।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে সবুজ দল। সর্বোচ্চ ৩৪ রান আসে রফিকুল ইসলামের ব্যাট থেকে। হারুনুর রশিদ ২৭*, জাহাঙ্গীর আলম ২৭, হাসানুজ্জামান করেন ২২ রান। জাকির হোসেন, খালেদ মাহমুদ—দুজনই নেন ৩টি করে উইকেট।

১৬৭ রান তাড়া করতে নেমে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লাল দল। ১০ চার ও দুই ছক্কায় ২৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন হান্নান সরকার। মিনহাজুল ৩১, অধিনায়ক আকরামের ব্যাট থেকে এসেছে ২১ রান। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ২৮ রানে অপরাজিত থেকে খালেদ মাহমুদ যেন খেলোয়াড়ি জীবনের স্মৃতিই ফিরিয়ে নিয়ে গেলেন।

জয়-পরাজয় ছাপিয়ে এ ম্যাচের মাহাত্ম্য হচ্ছে সাবেকদের মিলনমেলা। সেই মেলাকে বাড়তি মাত্রা যোগ করলেন মুশফিকুর রহিম। ঢাকা প্রিমিয়ার লিগের অনুশীলনের ফাঁকে চলে এলেন সাবেকদের ম্যাচ দেখতে। টাইগার শোয়েবের কাছ থেকে লাল-সবুজ পতাকা নিয়ে সেটি ওড়ালেন শেরেবাংলার সবুজ ক্যানভাসে।
