শেষ আটে চোখ সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

আইসিসি র‌্যাঙ্কিংয়ের বাইরেও স্বীকৃতির একটি ব্যাপার আছে। অনানুষ্ঠানিক, কিন্তু গুরুত্বপূর্ণ। সেই স্বীকৃতির নাম ‘গ্রহণযোগ্যতা’। সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার। আইসিসি র‌্যাঙ্কিংয়ের তিনটি সংস্করণেই শীর্ষে থাকা সেটির অবিসংবাদিত স্বীকৃতি। কিন্তু এর বাইরেও একটা বাস্তবতা আছে। সেটি হলো বিশ্ব ক্রিকেটের সব মহলে গ্রহণযোগ্যতা। আপনার ভালো লাগুক বা না-ই লাগুক, মানতে আপত্তি থাকুক কিংবা না-ই থাকুক, কিন্তু উপেক্ষা করার জো নেই। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কুলীন মহলে গ্রহণযোগ্যতার একটি ব্যাপার আছেই। ওই কুলীন জগৎটার স্বীকৃতি পেতে হলে ইংলিশ ও অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ভালো করাটা জরুরি। সাকিব ইংল্যান্ডে টেস্ট খেলেছেন, উস্টারশায়ারের হয়েও পারফর্ম করেছেন যথেষ্টই ভালো। কিন্তু অস্ট্রেলিয়ায়?
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বহুদূর, সাকিবের অভিষেকের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেই কোনো টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে একটা বড় অংশের কাছেই তাই ‘বিশ্বসেরা’ সাকিব ততটা বড় নাম নয়। তবে পরিস্থিতি বদলে দিচ্ছে বিগ ব্যাশ। গত আসরে ইয়োহান বোথার বদলি হিসেবে গিয়ে দুটি ম্যাচ খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সে। এবার বেশ কটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব ছিল। মেলবোর্ন রেনিগেডসে তিনটি ম্যাচ খেলেও ফেলেছেন। সর্বশেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে হয়েছেন ম্যাচসেরা। পরদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে সাকিবকে নিয়ে একটি লেখা হয়েছিল, ‘এই মুহূর্তে সম্ভবত বিশ্বের সেরা ক্রিকেটার।’ কাল বিগ ব্যাশের অফিশিয়াল ওয়েবসাইটে নেওয়া হয়েছে সাকিবের একান্ত সাক্ষাৎকার। লেখাটির শিরোনাম, ‘সাকিব, গ্রেটনেসের পথে ধাবমান।’ সাকিব কেন বিশ্বসেরা অলরাউন্ডার, বিশ্বের এই অঞ্চলে সেটি ব্যাখ্যা করার প্রয়োজন আছে সামান্যই। রেকর্ড-পরিসংখ্যান, সাকিবের নানা কীর্তি প্রায় সবারই জানা। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলের সবার কাছে সেসব পৌঁছায় না। দুটি লেখাতেই তাই নানা তথ্য, পরিসংখ্যান দিয়ে বোঝানো হয়েছে কেন সাকিব সেরা।
বিগ ব্যাশের অফিশিয়াল ওয়েবসাইটের লেখায় নানা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে সাকিব বাংলাদেশে কত বড় তারকা, কতটা জনপ্রিয়। সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলার পাশাপাশি উঠে এসেছে আসন্ন বিশ্বকাপ নিয়ে সাকিবের ভাবনাও। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে কঠিন গ্রুপে আছে বাংলাদেশ। সাকিব তবু স্বপ্ন দেখছেন গ্রুপ পর্ব উতরানোর, ‘বড় মঞ্চে পারফর্ম করার দারুণ সুযোগ বিশ্বকাপ। শুধু আমার জন্য নয়, দলের জন্যও। কারণ আমরা ক্রমেই উন্নতি করতে থাকা একটি দল। বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে আমরা অনেক উন্নতি করেছি, হারিয়ে দিতে পারি বড় দলগুলোকে। ২০০৭ বিশ্বকাপে আমরা পেরেছি, হারিয়েছিলাম ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। গত বিশ্বকাপে হারিয়েছি ইংল্যান্ডকে। আশা করি এবারও আমরা কয়েকটি বড় দলকে হারিয়ে খেলব দ্বিতীয় রাউন্ড (কোয়ার্টার ফাইনাল)। আমাদের জন্য সেটি হবে দারুণ অর্জন।’
বিশ্ব আসর মানে চ্যালেঞ্জটাও বিশাল। তবে চ্যালেঞ্জ যত কঠিন, ততই উপভোগ করেন সাকিব, ‘আমি চ্যালেঞ্জ ভালোবাসি। আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটে আমার রেকর্ড খুব বাজে। খুব বেশি উপভোগ করি না। মাঠে নামি, খেলি। কখনোই বেশি ভালো করতে পারি না। আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ আমি পছন্দ করি। এই চ্যালেঞ্জ আমাকে তাতিয়ে দেয়, ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।’
চ্যালেঞ্জের শেষ বিশ্বকাপে নয়। এ বছর বিশ্বকাপের পরও কঠিন পরীক্ষা অপেক্ষা করবে বাংলাদশ দলের জন্য। চারটি বড় দল আসছে বাংলাদেশ সফরে। ব৵ক্তিগতভাবে এবং দলের দিক থেকেও নিজেদের প্রমাণ করতে বছরটির দিকে তাকিয়ে আছেন সাকিব, ‘এ বছর আমরা চারটি বড় দলের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলব—পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দারুণ হবে এটি। এমনিতে আমরা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। বড়জোর তিন-চারটি টেস্ট খেলি বছরে, টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য যা যথেষ্ট নয় মোটেও। তবে এ বছর আমাদের জন্য ভালো সুযোগ। এই মুহূর্তে আমরা খুব ভালো দল। তবে এই দলগুলোর বিপক্ষে কাজটা সহজ হবে না। আশা করি, আমরা চ্যালেঞ্জের জবাব দিতে পারব। দেশের মাটিতে আমরা এখন এক আত্মবিশ্বাসী দল, বড় দলের বিপক্ষে ভালো করতে পারি।’
দলের জন্য যেমন উন্নতির ছাপ রাখার সুযোগ, সাকিবের জন্য এই বিশ্বকাপ ও পরের চারটি সিরিজে সুযোগ নিজের শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দেওয়ার। আপাতত সামনে অবশ্য বিগ ব্যাশ। এবারের বিগ ব্যাশে শেষ ম্যাচ খেলবেন আগামী পরশু, নিজের পুরোনো দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বিগ ব্যাশ অফিশিয়াল ওয়েবসাইট।