শেষ আটে প্রতিপক্ষ কে?
আগেই ঠিক করা ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল হবে অ্যাডিলেড, ওয়েলিংটন, সিডনি ও মেলবোর্নে। ইংল্যান্ডের বিদায়ে নিশ্চিত হয়েছে ১৯ মার্চ মেলবোর্নে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ।
মেলবোর্নে বাংলাদেশের প্রতিপক্ষ কে? সবাই ভারতের নামই বলছে। হ্যাঁ, ভারত প্রতিপক্ষ হতেই পারে। তবে এটা নিশ্চিত হবে গ্রুপে বাংলাদেশ চতুর্থ হলেই। কিন্তু তা না হলে গ্রুপে বাংলাদেশের অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে শেষ আটের প্রতিপক্ষ। তাই কোয়ার্টার ফাইনালে ভারত তো বটেই, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ কিংবা আয়ারল্যান্ডও আসতে পারে বাংলাদেশের সামনে।
গতকাল পর্যন্ত নিশ্চিত শুধু ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ডের ও ‘বি’ গ্রুপে ভারতের প্রথম হওয়া। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারালে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৮। কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে ও অস্ট্রেলিয়া প্রত্যাশামতো স্কটল্যান্ডকে হারালে লঙ্কানরা গ্রুপে চতুর্থই হবে। শ্রীলঙ্কা চতুর্থ হবে আজ অপ্রত্যাশিতভাবে স্কটিশদের কাছে হেরে গেলেও। সে ক্ষেত্রে ১৮ মার্চ প্রথম কোয়ার্টার ফাইনালে সিডনিতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। অন্যদিকে সমান ৯ পয়েন্ট পাওয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্থান নির্ধারিত হবে নেট রান রেটে।
কিন্তু বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি যদি টাই কিংবা পরিত্যক্ত হয় এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা জেতে, তবে শ্রীলঙ্কার সমান ৮ পয়েন্ট নিয়েও বাংলাদেশ চতুর্থ হবে মোট জয় কম থাকায়। গ্রুপে দ্বিতীয় হলে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের তৃতীয় দলের বিপক্ষে, তৃতীয় হলে দ্বিতীয় দলের বিপক্ষে।