আইরিশদের বিশ্বকাপ শুরু হয়েছিল স্বপ্নের মতো। প্রথম দুই ম্যাচেই জয়! পাকিস্তানের শুরুটা ছিল উল্টো, প্রথম দুই ম্যাচেই হার। কিন্তু শেষের সমীকরণে যখন মুখোমুখি দুই দল, পাকিস্তানের অভিজ্ঞতার সঙ্গে পেরে উঠল না আয়ারল্যান্ড। লড়াকু বলে পরিচিতি পেয়ে যাওয়া আইরিশদের লড়িয়ে মনোভাবটাই দেখা গেল না ভীষণ প্রয়োজনের সময়। কাল পাকিস্তানকে জিততে তাই বেগ পেতে হয়নি খুব একটা। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড যদিও লড়েছেন বুক চিতিয়ে। কিন্তু পাকিস্তানকে কোয়ার্টারে তোলা সেঞ্চুরি করে ম্যাচসেরা সরফরাজ আহমেদ।
ব্যবধানটা গড়ে দিয়েছে মূলত শেষের ওভারগুলোয় পাকিস্তানের বোলিং। এবারের বিশ্বকাপে সব দলের বোলাররাই শেষের ১০ ওভারে তুলোধুনো হচ্ছেন নিয়মিত। কিন্তু জুনাইদ-আজমলবিহীন পাক-বোলিং আক্রমণও সেখানে শেষে ওভারগুলোয় যথেষ্ট সফল তুলনামূলকভাবে। কাল একপর্যায়ে মনে হচ্ছিল আয়ারল্যান্ডের রান হবে ২৬০-২৭০। এক পাশ আগলে রাখার পাশাপাশি রানের চাকাটাও সচল রেখেছিলেন পোর্টারফিল্ড। আরেক পাশে কেউ বড় রান না পেলেও ছোট ছোট জুটিতে এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিন্তু সেঞ্চুরির পর অধিনায়ক ফিরতেই পথ হারাল আইরিশ ইনিংস। ৫৫ রানে হারিয়েছে শেষ ৬ উইকেট, শেষ ১০ ওভারে এসেছে মাত্র ৪৯ রান। আইরিশদের সম্ভাবনা থেকে ম্যাচ বেরিয়ে গেছে আসলে সেখানেই। ২৭০-২৭৫ রান তাড়া এই চাপের ম্যাচে মনে হতে পারত আরও ২০-২৫ বেশি। কিন্তু ২৩৮ রান তাড়ায় চাপেই পড়েনি পাকিস্তান।
চাপ যেটুকু ছিল, সরফররাজ-শেহজাদের ১২০ রানের উদ্বোধনী জুটিতে সেটুকুও শেষ। জনস্টনের অবসর, র্যাঙ্কিনের ইংল্যান্ডে চলে যাওয়া আর মারটাগের চোটে আইরিশ পেস আক্রমণ বেশ দুর্বল। অ্যাডিলেডের ব্যাটিং উইকেটে মনে হয়েছে আরও নির্বিষ। রান রেটের চাপ ছিল না বলে কোনো ঝুঁকি না নিয়েই এগিয়েছেন শেহজাদ ও সরফরাজ। তৃতীয় উইকেটে অধিনায়ক মিসবাহর সঙ্গে সরফরাজের জুটি ৮২ রানের। সরফরাজের সেঞ্চুরি ছুঁতে শেষ দিকে অযথা বল ও সময় ক্ষেপণ যদিও বেশ দৃষ্টিকটু। তবে বাঁধনহারা উদ্যাপনই বলেছে, সেঞ্চুরিটা কত কাঙ্ক্ষিত ছিল উইকেটকিপার-ব্যাটসম্যানের। প্রথম চার ম্যাচে বসে থাকার পর দুই ম্যাচ খেলে দুটিতেই ম্যাচসেরা সরফরাজ। ২০০৭ বিশ্বকাপে ইমরান নাজিরের পর বিশ্বকাপে এটি পাকিস্তানের প্রথম সেঞ্চুরি!
শেহজাদ বা মিসবাহর মতো কাউকে পোর্টারফিল্ড পাশে পেলে আয়ারল্যান্ডও হয়তো গড়তে পারত চ্যালেঞ্জ জানানোর মতো রান। অধিনায়কের সেঞ্চুরির পর আইরিশদের সর্বোচ্চ রান গ্যারি উইলসনের ২৯! শুরুর দিকে দারুণ সব পুল শট খেলেছেন পোর্টারফিল্ড, পরে দলের ইনিংসকে টেনেছেন সতর্কতায়। কিন্তু একা আর কত পারবেন! চোটের কারণে কাল দলের সেরা বোলার ইরফানকে পায়নি পাকিস্তান। ফর্মে থাকা ওয়াহাব রিয়াজ তবু বাকি পেসারদের নিয়ে গড়ে দিয়েছেন জয়ের ভিত।
যে ভিতের ওপর দাঁড়িয়ে সরফরাজ পাকিস্তানকে নিয়ে গেছেন শেষ আটে। বড় চ্যালেঞ্জ অপেক্ষায় সেখানে, অস্ট্রেলিয়া! ক্রিকইনফো, স্টার স্পোর্টস।