শেষ আটের পাঁচ দলই দক্ষিণ এশিয়ার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে নিজেদের গ্রুপের সেরা দল হিসেবে শেষ আটে যাচ্ছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তানের দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানদের ইনিংস শেষ হয়েছে ১৮৯ রানে। এই ম্যাচে অবশ্য হারজিতের বড় কোনো প্রভাব পড়ত না। কারণ আগে থেকেই দুদলের শেষ আট নিশ্চিত হয়ে গিয়েছিল।
আজ শেষ হলো এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। শেষ আটটি দলের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে তাতে দক্ষিণ এশিয়ারই জয়জয়কার। এবার যে কোয়ার্টার ফাইনালে পাঁচটি দলই এখানকার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
বাংলাদেশ আগামী শুক্রবার (৫ ফেব্রুয়ারি) প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেপালের। ৬ ফেব্রুয়ারি ফতুল্লায় মুখোমুখি হবে ভারত-নামিবিয়া। শ্রীলঙ্কা ৭ ফেব্রুয়ারি মিরপুরে মুখোমুখি হবে ইংল্যান্ডের। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ৮ ফেব্রুয়ারি, ফতুল্লায়। সেমিফাইনালে একটি দল যে দক্ষিণ এশিয়ার হচ্ছে, তা নিশ্চিত। বাংলাদেশ-নেপালের মধ্যে একটি দল সেমিফাইনালে তো যাচ্ছেই। কে জানে, বাকি তিনটি দলও এশিয়ারই হয় কি না! সূত্র: স্টার স্পোর্টস-১।