শেষ ওভারে জিতল মাশরাফির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ কয়েকটা ওভার যেন দম বন্ধ করেই খেলা দেখল সবাই। পরতে পরতে বদলাল ম্যাচের রং। শ্বাসরোধী উত্তেজনার পর শেষ ওভারে ৮ রানের জয় কলাবাগান ক্রীড়াচক্রের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উৎসবমুখর ড্রেসিংরুমের সামনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বুকে জড়িয়ে আবেগাপ্লুত ক্লাবের ক্রিকেট সম্পাদক রিয়াজ আহমেদ। ভিক্টোরিয়ার ড্রেসিংরুম তখন ডুবে গেছে নিস্তব্ধতায়।
মেহরাব হোসেন জুনিয়রের ৮৬ রানের পরও কলাবাগান অলআউট ২১৩ রানে। মিরপুরের উইকেটে ২১৪ রানের লক্ষ্য হেঁটে হেঁটেও ছোঁয়া যায়। ম্যাচের হাওয়া তাই ভিক্টোরিয়ার দিকেই ছিল। সেই ভিক্টোরিয়াই ইনিংসের শুরু থেকে এমন হোঁচট খেতে লাগল যে, স্কোর এক শ ছোঁয়ার আগেই পাঁচ উইকেট নেই! দলের ১১৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ধীমান ঘোষও ফিরে গেলে হারটাই স্পষ্ট হয়ে ওঠে তাদের সামনে।
তবে নাটক তখনো বাকি ছিল এবং সেই নাটক মঞ্চস্থ করলেন লেজের দিকের ব্যাটসম্যানরা। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে নামা আল আমিন (৬৭) ছাড়া অন্য সবাই যখন ব্যর্থ, তখন ভিক্টোরিয়ার জয়ের আশাটাকে আরেকবার জ্বালিয়ে দিলেন টেলএন্ডার জুবায়ের আহমেদ, মাহবুবুল আলম (১৩) ও কামরুল ইসলাম (১২)। স্রোতের বিপরীতে লড়াই করে লিগে নিজের পঞ্চম ফিফটি করেছেন আল আমিন। দলের ১৪১ রানে তাঁর রান আউটের পর ওই ত্রয়ীর সৌজন্যেই শেষ ওভার পর্যন্ত গেছে খেলা। এই পর্বের ‘নায়ক’ ৬৯ বলে ৩৫ রানে অপরাজিত জুবায়ের। নবম উইকেটে মাহবুবুলের সঙ্গে ২৮ রানের জুটি, কামরুলকে নিয়ে শেষ উইকেটে যোগ করেন আরও ২৭।
২৪ বলে ২৪, ১৮ বলে ২০, ১২ বলে ১৪—হাতে মাত্র ১ উইকেট নিয়েই সম্ভাবনার সলতে জ্বালিয়ে রেখেছিল ভিক্টোরিয়া। কিন্তু কলাবাগান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সামনে প্রায় নিভেই গেল তা। ৪৯তম ওভারে বল হাতে মাত্র ২ রান দিয়ে ভিক্টোরিয়ার ব্যাটসম্যানদের কাজটাকে দ্বিগুণ কঠিন করে দেন তিনি। শেষ ওভারে ১২ রানের চ্যালেঞ্জ তাই আর জেতা হয়নি জুবায়ের-কামরুলের। দেওয়ান সাব্বিরের চতুর্থ বলেই বোল্ড কামরুল। সমস্ত উত্তেজনার শেষও সেখানেই।
কালকের জয়ে অবনমনের শঙ্কা কিছুটা হলেও দূর হলো আট ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া কলাবাগান ক্রীড়াচক্রের।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রীড়াচক্র: ৪৯ ওভারে ২১৩ (মেহরাব জুনিয়র ৮৬; মাহবুবুল ৩/৫৪, আল আমিন ২/১৯, ডি সিলভা ২/৩৫, কামরুল ২/৪০)। ভিক্টোরিয়া: ৪৯.৪ ওভারে ২০৫ (আল আমিন ৬৭, জুবায়ের ৩৫*; শরীফুল্লাহ ৩/৩২, মাশরাফি ২/২৪, রাজ্জাক ২/৪৫)।
ফল: কলাবাগান ক্রীড়াচক্র ৮ রানে জয়ী।
ম্যাচসেরা: মেহরাব জুনিয়র।