শেষ ওভারেই 'শেষ' রংপুর

আনোয়ার আলীর শেষ ওভারটাই তাহলে ম্যাচের ভাগ্য নির্ধারক হয়ে গেল! রংপুর রাইডার্সের পাকিস্তানি পেসার শেষ ওভারে দিয়েছেন ২৩ রান। পরে রাজশাহী কিংসের ১৬২ রান তাড়া করতে গিয়ে শেষ ওভারে রংপুরের দরকার পড়ল ২৫। মোহাম্মদ মিঠুনের এক ছক্কার পরও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি রংপুর। শেষ ওভারে ১২ রান করে ম্যাচ হারল ১২ রানে। চট্টগ্রাম থেকে বিপিএলটা ঢাকায় ফেরার পর কাল প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। টি-টোয়েন্টির বিচারে তাতে একরকম একপেশে জয়ই পেয়েছে রাজশাহী। সাত ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। সমান ম্যাচে রংপুরের দ্বিতীয় পরাজয়। আগের দুই ম্যাচেই অপরাজিত ছিলেন মিঠুন। কালও ঝোড়ো ব্যাটিংয়ে ৬৪ রানে অপরাজিত থেকে রংপুরকে দেখিয়েছিলেন জয়ের স্বপ্ন। ২৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর তিন ছক্কা আর তিন বাউন্ডারিতে ৩০ বলেই করে ফেলেন ফিফটি। নাসির জামশেদের সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর ৪০ রানের জুটি মাত্র তিন ওভার চার বলে। ওই জুটি ভাঙার পরও রংপুরের ইনিংসের নেতৃত্বে ছিলেন মিঠুনই। কিন্তু ৩৬ বলে ৬৪ রানের ইনিংসে তাঁকে যোগ্য সংগত দিতে পারেননি কেউ। ১৫ থেকে ১৯—এই চার ওভারে মাত্র ৩৮ রান যোগ হয়েছে স্কোরবোর্ডে। ১৯তম ওভারে তো এসেছে মাত্র ৩! শেষ ওভারে ২৫ রান করার চাপটা তৈরি হয় সে কারণেই। রাজশাহীর ইনিংসেও শেষ ওভারটাকেই বলতে পারেন চুম্বক অংশ। আনোয়ার আলীকে রীতিমতো ঝড়ের মধ্যে ফেলে দেন উমর আকমল ও ড্যারেন স্যামি। প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে আকমলের ছক্কা। পরের বলে মিড অফ দিয়ে চার। আর শেষ দুই বলে তো পরপর দুই ছক্কাই মেরে দিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। প্রথমটা গেল মিড উইকেট দিয়ে। শেষ বলের বিশাল ছক্কার গন্তব্য হলো লং অনের আকাশ। অথচ প্রথম ওভারে মুমিনুল হকের উইকেট হারিয়ে নড়বড়ে শুরুই করেছিল রাজশাহী কিংস। এরপরও যে তাদের ব্যাটিংটা খুব ভালো হয়েছে বা মিঠুনের মতো কেউ একাই আলো ছড়িয়েছেন, তা নয়। তবে শেষ দিকে স্যামির আক্রমণাত্মক ব্যাটিংয়ের একটা ভূমিকা তো অবশ্যই ছিল। ৯২ রানে পঞ্চম উইকেট পড়ার পর এসে ৩১ বলে করেছেন অপরাজিত ৪৪ এবং তাতে ছিল শেষ ওভারের ওই ঝড়টাও। এ ছাড়া জুনায়েদ সিদ্দিকের ২১ বলে ২৩, সাব্বির রহমানের ২৪ বলে ৩১, আকমলের ৩০ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসগুলোও রাজশাহীর ব্যাটিংয়ের সঙ্গে রংপুরের ইনিংসের পার্থক্য তৈরি করেছে। সঙ্গে দু-তিন দিনের জন্য দেশে ফিরে যাওয়া শহীদ আফ্রিদির অভাব তো ছিলই। ম্যাচ শেষে রংপুরের কোচ জাভেদ ওমরও বললেন, আফ্রিদির বোলিংটা তাঁরা মিস করেছেন।
মিঠুনের হার না মানা লড়াইও তাই হেরে গেছে স্যামির ঝড়ের কাছে। শেষ ওভারে টি-টোয়েন্টির উত্তেজনা হয়তো ছড়ায়নি এই ম্যাচ। তবে স্যামি আর মিঠুনের ব্যাটিং কিছুটা হলেও সার্থক করেছে প্রায় ভরা গ্যালারি। অনেক দিন পর অনেক দর্শক এলেন খেলা দেখতে। এবারের বিপিএলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে সর্বোচ্চ দর্শক দেখা গেছে কালই।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৬২/৫ (মুমিনুল ৪, জুনায়েদ ২৩, সাব্বির ৩১, প্যাটেল ১৭, আকমল ৩৩*, মিরাজ ৬, স্যামি ৪৪*; সোহাগ ১/৩২, আনোয়ার ০/৪৯, রুবেল ০/৪২, আরাফাত ১/১৭, ডসন ২/১৫, মুক্তার ১/৫)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৫০/৫ (শেহজাদ ১৮, জামশেদ ২৭, মিঠুন ৬৪*, সৌম্য ৮, আনোয়ার ৫, ডসন ১০, নাঈম ১৪*; সামি ১/২৬, রেজা ০/৪৬, মিরাজ ০/১৮, নাজমুল ২/১৯, প্যাটেল ১/২৮, হাসান ০/১২)।
ফল: রাজশাহী কিংস ১২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যারেন স্যামি।
বরিশাল বুলস: ২০ ওভারে ১১৯/৫ (মেন্ডিস ১৪, ম্যালান ৭, শাহরিয়ার ২৩, মুশফিক ৩১, নাদিফ ১, থিসারা ১৭*, এনামুল ২০*; মাহমুদউল্লাহ ০/২৮, জুনাইদ ১/১২, শফিউল ১/৩১, কুপার ০/৩০, মোশাররফ ১/১৬)।
খুলনা টাইটানস: ১৮.৪ ওভারে ১২০/৪ (তাইবুর ২১, হাসানুজ্জামান ৪, ওয়েসেলস ৫, শুভাগত ৪০, মাহমুদউল্লাহ ৩৬*, পুরান ৮*; তাইজুল ১/১৪, রাইস ২/১৩, মনির ০/২৯, কামরুল ০/২১, থিসারা ০/৩১, মেন্ডিস ০/৮)।
ফল: খুলনা টাইটানস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম।