শেষ ওয়ানডেতেও জিতল শ্রীলঙ্কা
সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। পাল্লেকেল্লেতে কাল ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যটা ছিল ‘ধবল ধোলাই’ এড়ানোর। সেটাও পারল না জেসন হোল্ডারের দল। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটা শ্রীলঙ্কা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতে নিল ১৯ রানে, সিরিজে ৩-০ ব্যবধানে ধবল ধোলাই হলো ওয়েস্ট ইন্ডিজও।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৩৬ ওভারে ৯ উইকেটে ২০৬ রান। মারলন স্যামুয়েলস দুর্দান্ত সেঞ্চুরি (৯৫ বলে ১১০) করলেও আর কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ২০-এর কোটাই ছুঁতে পারেননি! তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রথমে দেওয়া হয় ৩৬ ওভারে ১৯০ রানের লক্ষ্য। কিন্তু ওপেনার কুশল পেরেরার হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৩২.৩ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তোলার পর আবার খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টিতে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৯ রানে ম্যাচ জিতে নেয় অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
আগামীকাল একই মাঠে দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে। ক্রিকইনফো।