শেষ ওয়ানডের দলে সৌম্য
হোম সিরিজের সুবিধা নিয়ে একটা একটা করে ম্যাচের দল দিচ্ছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আগামীকালের পঞ্চম ও শেষ ওয়ানডের জন্য যেমন কাল নতুন করে দল ঘোষণা করলেন তাঁরা। দলে নতুন বলতে অবশ্য শুধু সৌম্য সরকারই। সঙ্গে আগের ম্যাচের স্কোয়াডে থাকা ১৩ জনসহ শেষ ম্যাচের স্কোয়াডে খেলোয়াড় ১৪ জন।
দলে নতুন একজন এলেও শেষ ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তন আনার পক্ষে নয় নির্বাচক কমিটি। পরীক্ষা-নিরীক্ষার চেয়ে সিরিজটা ৫-০-তে জেতার ওপরই বেশি গুরুত্ব দিতে চান তাঁরা। তবে মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে দরজাটা খোলা। চোটমুক্ত রাখতে একটানা না খেলিয়ে তাঁকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর পরামর্শ আছে চিকিৎসকদের কাছ থেকে। কিন্তু মাশরাফি যেহেতু দলের অধিনায়ক, খেলা না-খেলার ব্যাপারটি সম্পূর্ণ তাঁর ওপরই ছেড়ে দিয়েছে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট। তার মানে, শেষ ম্যাচে মাশরাফি চাইলে বিশ্রাম নিতে পারেন, না চাইলে খেলতেও পারেন।
ওদিকে টানা হারতে থাকা জিম্বাবুয়ে দলের কাটা ঘায়ে পড়েছে নুনের ছিটাও। চতুর্থ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দলের খেলোয়াড়দের। অধিনায়ক এলটন চিগুম্বুরার ম্যাচ ফি থেকে কাটা যাবে ২০ শতাংশ, অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফি থেকে ১০ শতাংশ করে।