শেষ কবে এত দিন ক্রিকেট দেখেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাসের বেশি হলো মাঠে নেই আন্তর্জাতিক ক্রিকেট। ফাইল ছবি
এক মাসের বেশি হলো মাঠে নেই আন্তর্জাতিক ক্রিকেট। ফাইল ছবি
৩২ দিন হয়ে গেছে বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ সাত বছরের বিরতি পেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়ে


আজ এই টেস্ট, কাল ওই ওয়ানডে, পরশু অর্থহীন কোনো টি-টোয়েন্টি! কে কার বিপক্ষে খেলছে, কী খেলছে, কেন খেলছে সে খোঁজ রাখাই তো মুশকিল হয়ে পড়েছিল।

কিন্তু সেই সমস্যা আপাতত নেই। কোভিড-১৯ ওরফে করোনাভাইরাস নামের অদৃশ্য আততায়ীর ভয়ে আরও সব খেলার মতো ক্রিকেটও যে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটটা একটু বেশি বেশিই হচ্ছে বলে যারা ঘ্যানঘ্যান করতেন তারাও আজ তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন কবে যাবে করোনাভাইরাস, কবে আবার মাঠে গড়াবে ক্রিকেট। প্রিয় দলের খেলা দেখতে, প্রিয় ব্যাটসম্যানের ব্যাটিং দেখতে, প্রিয় বোলারের বোলিং দেখতে যে তর সইছে না।

কম তো নয়, আজ ৩২ দিন হলো মাঠে নেই আন্তর্জাতিক ক্রিকেট। সহসাই আবার মাঠে ফিরবে এমন লক্ষণও নেই। আগামী জুনের আগে তো কোনো সুযোগই নেই। জুনেও প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। ওই মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। আপাতত বাতিল হয়ে গেছে তা। ইংল্যান্ড বিশেষ ব্যবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চিন্তাভাবনা করছে বলেই সামান্য যা কিছু সম্ভাবনা আছে জুনে ক্রিকেট ফেরার।

এবারের আগে সর্বশেষ কবে এতটা লম্বা বিরতি পেয়েছিল ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট মনে আছে কি? বেশি পেছনে গেলে ভুল করবেন। বেশি দিন আগের কথা নয়, মাত্র দুবছর আগেই টানা ৩৭ দিন বিরতি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। ২০১৮ সালে ৩ এপ্রিল করাচিতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ক্রিকেট আবার মাঠে গড়ায় ১১ মে। ডাবলিনে আয়ারল্যান্ডের টেস্ট অভিষেকে সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

তবু তখন ঘরোয়া ক্রিকেট ছিল। ৩৭ দিনের সেই বিরতিতে বড় অবদান ছিল ভারতের আইপিএলের। মানুষ তো বুঁদ হয়ে ছিল তা নিয়েই। তাই আন্তর্জাতিক ক্রিকেটের অভাব অত বেশি টের পাননি ক্রিকেট ভক্তরা। ২০১৮ সালের মে মাসের পর করোনাবিরতির আগে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ ৯ দিন বিরতি পেয়েছিল ২০১৯ সালের এপ্রিলে। মাসটির শুরুর প্রথম ৯ দিন কোনো ম্যাচ ছিল না আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে। ২০১৯ বিশ্বকাপ শেষে ৭ দিন বিরতি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। এরপর করোনা বিরতির আগে ৫ দিনের বেশি বিরতি দেখেইনি ক্রিকেট।

একুশ শতকে আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ ৪৫ দিন বিরতি পেয়েছিল ২০১৬ সালে। ওই বছরের ৩ এপ্রিলের পর ১৯ মে আবার মুখোমুখি হয়েছিল দুটি জাতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেট সর্বশেষ ৫০ দিন বিরতি দেখেছে ১৯৯১ সালে। ওই বছরের ২৮ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কোনো ম্যাচ হয়নি।

১০০ বা এর বেশি দিনের বিরতি পেতে পিছিয়ে যেতে হয় ১৯৭৩ সালে। ওয়ানডে ক্রিকেটটা সবে শুরু হয়েছে তখন। সেই বছর ৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের ক্রিকেট গ্রীষ্মের অবসানের পর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরে ২৯ ডিসেম্বর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বড় বিরতি পেয়েছে ১৯৭০ সালে। তখনো ওয়ানডে বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের জন্ম হয়নি। তাই শুধু টেস্ট বিরতি লিখেই কাজ চালানো যায়। সেই বছরের ১০ মার্চ শেষ হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পোর্ট এলিজাবেথে টেস্ট। এরপর টেস্ট দেখতে বা রেডিও ধারাভাষ্য শুনতে ক্রিকেট ভক্তদের অপেক্ষা করতে হয় ২৭ নভেম্বর পর্যন্ত। আট মাসেরও বেশি ২৬১ দিন কোনো টেস্ট ম্যাচ হয়নি। সেই বছর ঘরের মাঠে কোনো টেস্ট না খেলা ইংল্যান্ড বছর শেষে অ্যাশেজ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ায়।

লম্বা সেই বিরতির কারণ দক্ষিণ আফ্রিকার অ্যাপার্টহেইট বা বর্ণবৈষম্য নীতি। ১৯৭০ সালে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। ১৯৬৮ সালে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত মিশ্র বর্ণের ক্রিকেটার বাসিল ডি’অলিভিয়েরা ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের দলে অন্তর্ভুক্ত হলে আপত্তি তোলে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গিয়েছিল সেই সফরটা। এরপর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকার অ্যাপার্টহেইট নীতির বিপক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠে ব্রিটেনে। জনগণের চাপের মুখে ব্রিটিশ সরকারে অনুরোধে ১৯৭০ সালের সিরিজটি বাতিল করে দেয় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এরপর তো দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধই হয়ে যায় ক্রিকেট থেকে। প্রায় ২২ বছর পর ১৯৯১ সালে দেশটি আবার ফেরে আন্তর্জাতিক ক্রিকেটে।

ইংলিশ ক্রিকেট ভক্তরা অবশ্য বেশ উপভোগই করেছিলেন গ্রীষ্মটা। দক্ষিণ আফ্রিকার বদলে বিশ্ব একাদশের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলে ইংল্যান্ড। আইসিসি স্বীকৃত দেয়নি বলে ওই ম্যাচগুলোর পাশে ‘বেসরকারি টেস্ট’ এই তকমা বসে গেছে।

বিশ্ব একাদশ খেলে সর্বকালের সেরা অলরাউন্ডার ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্সের নেতৃত্বে। নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার গ্রায়েম পোলক, এডি বার্লো, মাইক প্রক্টর ও ব্যারি রিচার্ডসরাও ছিলেন বিশ্ব একাদশে। বিশ্ব একাদশ সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সাড়ে ছয় বছর এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে প্রায় সাত বছর বন্ধ ছিল টেস্ট ক্রিকেট।