শেষ কবে টি-টোয়েন্টি খেলেছেন জানেন না নিউজিল্যান্ড অধিনায়ক

শেষ কবে টি-টোয়েন্টি খেলেছেন, মনেই করতে পারেন না টম ল্যাথামফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফরে টি-টোয়েন্টিই খেলবে নিউজিল্যান্ড। কিন্তু কিউইদের অধিনায়ক নিজেই মনে করতে পারছেন না না তিনি শেষ কবে টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট ও ওয়ানডেতে নিউজিল্যান্ডের জার্সি গায়ে তাঁকে প্রায়ই দেখা যায়। কিন্তু টি-টোয়েন্টিতে ব্রাত্যই তিনি। নির্দিষ্ট করে বললে দুই বছর ধরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে বিবেচিত নন ল্যাথাম। ঘরোয়া ক্রিকেটেও টি-টোয়েন্টি খেলেন না তিনি।

নিজের টি-টোয়েন্টি খেলা, না খেলা নিয়ে আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বেশ মজাই করলেন ল্যাথাম, ‘আমি অনেক দিন ক্যান্টারবেরির হয়ে খেলি না। যেভাবে সূচি করা হয়, সেই হিসেবে ওয়ানডে ও টেস্ট ছাড়া অন্য কিছু খেলার সুযোগ নেই। আমি নিশ্চিত না কবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। হবে হয়তো দুই বছর আগে।’

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ব্যাটিং অনেকটা নির্ভর করবে ল্যাথামের ওপর। তিনি গত চার বছর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির ভাবনাতেই ছিলেন না। ২০১৭ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা ল্যাথাম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩টি, ব্যাটিং করেছেন ১০ ইনিংসে। ১৬ গড় আর ১০৩ স্ট্রাইক রেটে রান করেছেন মাত্র ১৬৩। ঘরোয়া টি-টোয়েন্টিতে তাঁর সর্বশেষ ম্যাচ ২০১৯ সালে।

এর আগে কেন উইলিয়ামসনের জায়গায় ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছেন ল্যাথাম (ডানে)।
এএফপি

ল্যাথামের মতোই অবস্থা হেনরি নিকোলস (৫ ম্যাচ) ও টম ব্লান্ডেলের (৩ ম্যাচ)। তিনজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনিয়মিত। বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের ‘অভিজ্ঞ’ ব্যাটসম্যান বলতে তাঁরাই, তবে সেটি টি-টোয়েন্টিতে নয়।

ল্যাথাম এই বিষয়টিকে দেখছেন চ্যালেঞ্জ হিসেবে, ‘দেশের হয়ে খেলাটাই অনুপ্রেরণার কারণ। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাইনি। সেদিক থেকে খুব রোমাঞ্চিত। দলে যারা আছে তাদের কেউই খুব বেশি ম্যাচ খেলেনি। এখানে ভালো খেলে সিরিজ জেতাই এখন আমাদের লক্ষ্য।’

কেন উইলিয়ামসনের বদলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম
ফাইল ছবি: এএফপি

এই সংস্করণে নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করতে চান ল্যাথাম। এর আগে কেন উইলিয়ামসনের জায়গায় ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছেন ল্যাথাম। এবার সুযোগ পাচ্ছেন টি-টোয়েন্টিতে, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি হয়তো এই সংস্করণে অনেক দিন ধরে খেলছি না। কিন্তু নিউজিল্যান্ড যেভাবে ক্রিকেটারদের খেলাচ্ছে, সেটা অনেকের জন্যই জাতীয় দলের দুয়ার খুলে দিচ্ছে। আমিও তাদের দলে আছি। আর দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি সব সময়ই উন্নতি করতে চাই।’