শেষ করেই আসতে চেয়েছিলেন সৌম্য
সংবাদ সম্মেলনে প্রশ্নটা হতেই সৌম্য হাসলেন। লাজুক হাসিতেই উত্তর, ‘কথাটা আমিও শুনেছি। এমনকি এখন তো ছোটদের কাছেও এ কথা শুনি। কিছুদিন ধরে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। সবাই বলে ভাই ম্যাচটা শেষ করে আসেন।’ তারপর আবার হাসি। যে হাসি বলে দিচ্ছিল কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা শেষ করে আসতে পেরে কতটা আনন্দিত বাংলাদেশি ওপেনার।
ব্যাপারটা আসলেও যেন কেমন হয়ে যাচ্ছিল। সৌম্য সরকার শুরু করেন দারুণভাবে। কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারেন না। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ২৩টি ইনিংস খেলা হয়ে গেছে। এর মধ্যে একটাই সেঞ্চুরি, গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কালকের অপরাজিত ৮৮ সহ হাফ সেঞ্চুরি তিনটি। ২০ থেকে ৪০ এর মধ্যে আউট হয়েছেন ১৩ বার। ‘ত্রিশ-চল্লিশের খেলোয়াড়’—কথাটা নাকি ইদানীং সবার কাছেই শুনতে হচ্ছিল তাঁকে।
তো সেই ‘ত্রিশ-চল্লিশের’ খেলোয়াড় কাল কীভাবে ম্যাচ জেতানো এমন দুর্দান্ত ইনিংসটা খেললেন? মুখ থেকে হাসিটা সরিয়ে এবার সৌম্য আত্মবিশ্লেষক, ‘আসলে তেমন কিছু করিনি। শুধু দু-একটি শট খেলা কমিয়ে দিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম, সব রকম শট না খেলে নিজেকে একটু নিয়ন্ত্রণ করলে পরিবর্তন আসে কি না।’
ফল তো চোখের সামনেই। যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল বাংলাদেশের লক্ষ্যটা আরেকটু বড় হলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাও পেয়ে যেতেন। সেটা হয়নি বলে কি একটু আফসোস হচ্ছে? জবাবে খুঁজে পাওয়া গেল ‘টিম-ম্যান’ সৌম্যকে, ‘আরে না। ইচ্ছে ছিল ম্যাচটা শেষ করে আসার। সেঞ্চুরি করতে হবে এমন কিছু ভাবিনি। ভেবেছিলাম শেষ পর্যন্ত খেলব, অপরাজিত থাকব।’
সেঞ্চুরি হয়নি, তবে একটা জায়গায় নিজেকে সবার ওপরে নিয়ে গেছেন সৌম্য। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এত দিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটা ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ বিশ্বকাপে গায়ানায় আশরাফুল করেছিলেন ৮৩ বলে ৮৭। কাল ইমরান তাহিরকে জয়সূচক ছক্কাটা মেরে সৌম্য পেছনে ফেলে দিলেন আশরাফুলকে। ব্যাপারটা মাথায় রেখেই ৮২ রানে থাকা অবস্থায় ছক্কাটা মেরেছিলেন কি না, সেই প্রশ্নও হলো। জবাবে আবার সৌম্যর লাজুক হাসি, ‘না, আমি তো এটা এইমাত্র শুনলাম। জানতামই না।’
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটা তাঁকে ম্যাচ-সেরার পুরস্কার এনে দিয়েছিল। এনে দিল এই ইনিংসটাও। দুটির মধ্যে কোনটিকে এগিয়ে রাখছেন? বাঁ হাতি এই ওপেনার তুলনা করলেন এইভাবে, ‘পাকিস্তানের ওই বোলিং আক্রমণে দু-একটা বাজে বল পাওয়া যেত। দক্ষিণ আফ্রিকান বোলাররা বাজে বল দিয়েছে খুব কম। এদের খেলাটা একটু কঠিন ছিল। এ কারণেই হয়তো এই ইনিংসটাকে এগিয়ে রাখব।’
উঠে এল মাহমুদউল্লাহ প্রসঙ্গও। বিশ্বকাপেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে সৌম্য-মাহমুদউল্লাহ ৮৬ ও ৯০ রানের জুটি গড়েছিলেন। কাল বাংলাদেশের জয়েও মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর ১৩৫ রানের জুটিটা বড় ভূমিকা রেখেছে। দুজনের মধ্যে যে দারুণ একটা বোঝাপড়া গড়ে উঠেছে সেটাও বোঝা গেল সৌম্যর কথা শুনে, ‘বিশ্বকাপের পর থেকেই রিয়াদ ভাই আমার সঙ্গে ব্যাট করতে এলেই আমি হেসে দিই। কালও তিনি যখন নামলেন, আমি হেসে দিলাম। মাঠে তিনি আমাকে যেসব কথা বলেন, সেগুলো আমি খুব গুরুত্বের সঙ্গে নিই। কারণ আমার ব্যাটিংটা তিনি খুব ভালো বোঝেন।’
সৌম্য-মাহমুদউল্লাহর এমন হাসাহাসি যত চলবে, বাংলাদেশেরও যে ততই লাভ!