শেষ ঘনিয়ে এসেছে ক্লার্কের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্ক

এজবাস্টনের প্রথম ইনিংস। স্টিভেন ফিনের বল মাইকেল ক্লার্কের ব্যাট এড়িয়ে আঘাত হানল স্টাম্পে। অস্ট্রেলিয়ান অধিনায়কের চোখে অবিশ্বাসের দৃষ্টি!
যে আউটটি নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রধান ক্রীড়া লেখক অ্যান্ড্রু ওয়েবস্টার তাঁর কলামে লিখেছেন, ‘অনেকে বলছেন, বলটি ছিল প্রায় খেলার অসাধ্য। সত্যিটা হলো ওটা ছিল মোটামুটি ভালো একটা ফুল ডেলিভারি। ক্লার্ক দেরিতে ব্যাট নামিয়েছেন। নিজের সেরা সময়ে ক্লার্ককে ওই রকম একটা বল মোটেও সমস্যায় ফেলত না।’
তাহলে কি সেরা সময়টাই পেছনে ফেলে এসেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক? ওয়েবস্টার সেটাই মনে করেন, ‘হঠাৎ করেই ৩৪ বছর বয়সটা পেয়ে বসেছে তাঁকে।’ এবারের অ্যাশেজে ৬ ইনিংসে ১৮.৮০ গড়ে মাত্র ৯৪ রানে কি তাহলে সেটিরই প্রতিফলন? গত এক বছরে ৮ টেস্টে ৩৬৫ রান করেছেন মাত্র ২৮.০৭ গড়ে। সর্বশেষ তিন বছরের মধ্যে এই প্রথমবার ক্লার্কের টেস্ট গড়টাও নেমে এসেছে ৫০-এর নিচে।
সমস্যা শুধু এখানেই নয়। এজবাস্টনে তাঁর অধিনায়কত্বও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রশ্নবিদ্ধ। নিখাদ বোলিং উইকেটে কোন যুক্তিতে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন, সেই প্রশ্ন উঠেছে। ওয়েবস্টারও সেটিই লিখেছেন, ‘ক্লার্কের সমস্যাটা ব্যাটিং ছাড়িয়ে আরও বেশি কিছু। ব্র্যাড হাডিন আর শেন ওয়াটসনের মতো অভিজ্ঞরা না থাকায় অধিনায়ক হিসেবে ক্লার্কের সিদ্ধান্তগুলো এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি আতশি কাচের নিচে। তবে তাঁকে ঘুরে দাঁড়াতে হবে ব্যাট হাতেই।’
দুদিন আগে একই পত্রিকায় লেখা কলামে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন লিখে দিয়েছেন, ‘যদি অ্যাশেজের শেষে ক্লার্ক অবসর নিয়ে নেয়, তাহলে আমি খুব একটা অবাক হব না।’ ক্লার্কের ক্যারিয়ার এখন সায়াহ্নে-অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম যেন সিদ্ধান্তেই পৌঁছে গেছে। ওয়েবস্টার ব্যাটে রানখরার চেয়ে ক্লার্কের মুখচ্ছবিতেই খুঁজে পাচ্ছেন এর প্রমাণ, ‘হয়তো আমি ক্লার্ককে চিনি এবং অনেক দিন তাঁর ক্যারিয়ার কাভার করেছি বলে অথবা এটা সবার কাছেই পরিষ্কার। প্রতিবার অল্প রানে আউট হয়ে যাওয়ার পর ওর অভিব্যক্তি চোখে না পড়ে পারেই না: হতবুদ্ধি হয়ে যাওয়া শূন্য এক অভিব্যক্তি।’
দ্য অস্ট্রেলিয়ান-এর ক্রিকেট লেখক পিটার লেলর লিখেছেন, আগামীকাল শুরু ট্রেন্ট ব্রিজ টেস্টে ব্যর্থতা ক্লার্কের ক্যারিয়ারের সমাপ্তিই টেনে দেবে, ‘মনের গহীনে তিনিও শেষের কাছে চলে আসাটা বুঝতে পারছেন। তবে সব গ্রেটদের মতো তিনিও নিশ্চয় শীর্ষে থেকেই যেতে চাইবেন।’ সঙ্গে অবশ্য এটাও যোগ করেছেন, ‘ক্লার্ক একজন চ্যাম্পিয়ন। যদি তিনি এই বাজে ফর্ম থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে দল হয়তো অ্যাশেজ জিতবে বা ড্র করে অ্যাশেজ ধরে রাখবে।’
এর আগে অবশ্য এমন বাজে ফর্ম জয় করে ঠিকই স্বরূপে ফিরেছেন ক্লার্ক। ২০১০ সালের আগস্ট থেকে পরের ১৩ মাসে ৯ টেস্টে ৩২৪ রান করেছিলেন ২০.২৫ গড়ে। চাপ তখনো আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছিল তাঁকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের ১২ ম্যাচে ৬২.৩৫ গড়ে ১২৫৯ রান। ক্যারিয়ার-সর্বোচ্চ ৩২৯ রানের ইনিংসটিও সেই সময়ে। প্রশ্ন হচ্ছে, ক্লার্ক কি আবার সেটা করে দেখাতে পারবেন?
সিডনি ডেইলি টেলিগ্রাফ-এর ক্রিকেট লেখক বেন হর্ন অবশ্য মনে করেন, অ্যাশেজে ফিরে আসতে না পারলেও বাংলাদেশ সফরের কথা ভেবে নির্বাচকেরা হয়তো ক্লার্ককে রেখে দেবেন। সেটি কী কারণে? হর্নের যুক্তি, ‘ক্লার্কের বাজে ফর্মের পরও স্টিভেন স্মিথকে সম্ভাব্য ব্যতিক্রম ধরলে অস্ট্রেলিয়ান ক্রিকেটে আর কে আছে, যে অধিনায়কের চেয়ে ভালো স্পিন খেলে? তাঁর অভিজ্ঞতা ও সামর্থ্য বাংলাদেশ সফরে উপেক্ষা করা কঠিন হবে।’
কে জানে, বাংলাদেশের দর্শকেরাই ক্লার্কের শেষের সাক্ষী হন কি না! এএফপি।