শেষ চারে পাকিস্তান, নিউজিল্যান্ড কে কোন দলের বিপক্ষে খেলবে?
ভারতের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগামীকাল বিরাট কোহলিরা নামিবিয়ার বিপক্ষে নামবেন অর্থহীন ম্যাচেই। সেমিফাইনালে যে তাঁদের ওঠা হচ্ছে না, সেটা তো আজ আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের পরই নিশ্চিত হয়ে গেছে।
একদিকে ভারত যখন গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হওয়ার হতাশায়, পাকিস্তান উড়ছে বিশ্বকাপে গ্রুপ পর্বে সর্বাঙ্গ সুন্দর হওয়ার আনন্দে। আগের চার ম্যাচে জেতা পাকিস্তান আজ স্কটল্যান্ডকেও উড়িয়ে দিয়ে শতভাগ জয়ের ধারা ধরে রেখে গ্রুপ শীর্ষে থেকেই উঠেছে সেমিফাইনালে।
তা পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হওয়ার পর এখন সেমিফাইনালের সূচি নিয়েই যা আগ্রহ। পাকিস্তান গ্রুপ সেরা হচ্ছে, সেটা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ চারে কে কার বিপক্ষে খেলবে, সেটাও তো নিশ্চিত হয়ে গেছে!
আফগানিস্তানকে হারিয়ে আজ নিউজিল্যান্ডের সেমিফাইনালে জায়গা পাকা হওয়ার পরই নিশ্চিত হওয়া গিয়েছিল, স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তান অঘটনের শিকার না হলে ইংল্যান্ডের বিপক্ষেই সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড।
তা-ই হচ্ছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের মঞ্চায়ন হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া।
আইসিসির সূচি অনুযায়ী, ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালটি হবে আগামী ১০ নভেম্বর, বুধবার। পরের দিন, ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া-পাকিস্তান। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ১৪ নভেম্বর ফাইনালে লড়বে দুই সেমিফাইনালে জয়ী দুই দল।
১ম সেমিফাইনাল, ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ১০ নভেম্বর
২য় সেমিফাইনাল, অস্ট্রেলিয়া-পাকিস্তান, ১১ নভেম্বর
তবে সেমিফাইনালের আগে চার দলের ফর্মের বিশ্লেষণ বলছে, পাকিস্তানই সবার চেয়ে এগিয়ে। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের পাঁচটিই জিতেছে বাবর আজমের দল। বাকি তিন দলই পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটি করে।
এদিক থেকে দক্ষিণ আফ্রিকা আরেকবার নিজেদের অভাগা ভাবতে পারে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট পেয়েছে তারাও, কিন্তু রানরেটের হিসাবে বাদ পড়তে হয়েছে টেম্বা বাভুমার দলকে।