শেষ চারেই স্বপ্নের সমাধি

মাঠসংলগ্ন বিসিবি একাডেমি ভবনের বসার ঘরটির ঢাউস শোকেসে থরে থরে সাজানো অনেক ট্রফি। সবই বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের স্মারক। বেশির ভাগই জেতা দ্বিপক্ষীয় নয়তো ত্রিদেশীয় সিরিজে। সেখানে একটি ট্রফির বড় শূন্যতা—অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কাছে কাল ৩ উইকেটে হেরে মনের মধ্যে লতিয়ে ওঠা বিশ্বকাপ জয়ের স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়েছেন মেহেদী হাসান মিরাজরা। ম্যাচের পর ক্যারিবীয় যুবারা যখন বাঁধনহারা উদ্যাপন করছেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যেন প্রলয়ংকরী ঝড়ে সব হারানো একদল মানুষ! টেলিভিশন ক্যামেরার ক্লোজআপে ধরা মেহেদী-সাইফদের মুখগুলোয় হতাশা-অবিশ্বাস আর যন্ত্রণার আঁকিবুঁকি। অথচ মাত্রই পরশু সদা হাস্যময় মুখে স্বপ্নের কথা বলেছিলেন আত্মবিশ্বাসী যুবারা।
কোয়ার্টার ফাইনালে নেপালকে হারিয়ে বাংলাদেশ যুবদল ছাড়িয়ে গিয়েছিল ২০০৬ যুব বিশ্বকাপে মুশফিক-সাকিব-তামিমদের পঞ্চম হওয়ার সাফল্যকেও। কিন্তু সেমিফাইনালে এসে পূর্বসূরিদের মতো বিয়োগান্ত ঘটনারই পুনরাবৃত্তি হলো। ২০০৬ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করেছিলেন মুশফিকরা। সেই ইংল্যান্ডের কাছে হেরেই তাদের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়!
এবার বিশ্বকাপের আগে ঘরের মাঠে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজরা। কাল সেমিফাইনালে সেই ক্যারিবীয় যুবাদের কাছে হেরেই শেষ হলো মেহেদীদের স্বপ্নযাত্রা।
পরাজয়ের পর জমে প্রশ্নের পাহাড়। এ ক্ষেত্রেও ব্যত্যয় নয়। প্রতিপক্ষের মূল শক্তি পেস বোলিং জেনেও টস জিতে কুয়াশাচ্ছন্ন সকালের ভেজা উইকেটে কেন ব্যাটিং নেওয়া? অধিনায়ক মেহেদী জানালেন, সেমিফাইনালের মতো বড় ম্যাচে মন্থর উইকেটে আগে ব্যাটিং করাই তাঁদের কাছে বেশি যৌক্তিক মনে হয়েছে। বাংলাদেশ চেয়েছিল প্রথমে ব্যাটিং করে প্রতিপক্ষের সামনে ২৪০-২৫০ রানের লক্ষ্য দিতে। কিন্তু সেটি হয়নি টপ অর্ডারের ব্যর্থতায়। যথারীতি এই ম্যাচেও ব্যর্থ দুই ওপেনার পিনাক ঘোষ ও সাইফ হাসান।
৮৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ক্লিষ্ট বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালের মতোই স্বপ্ন দেখাচ্ছিল জাকির হাসান-মেহেদীর পঞ্চম উইকেট জুটি। কিন্তু সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেহেদী স্বভাবসুলভ লড়াকু চেহারাতেই ছিলেন। সাইফউদ্দিনকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৮৫ রান যোগ করে অধিনায়কই দলকে ফেরান লড়াইয়ে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের ঘায়েল করতে প্রথম ৩০ ওভার শুধু পেস আক্রমণে ওপর ভরসা রাখেন ক্যারিবীয় অধিনায়ক শিমরান হেটমায়ার। তাতে তিনি সফলও। এই সময়ে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১১৫। পরের ১২ ওভারে স্পিনের বিপক্ষেও ঐতিহ্যগতভাবে স্পিনে স্বচ্ছন্দ বাংলাদেশ এই সময় তোলে বিনা উইকেটে ৬২। ৪৫ ওভারের পরে গিয়ে রানের চাকাটা দ্রুত ঘোরাতে গিয়ে মেহেদী আউট হন কিমো পলের খাটো লেন্থের বলে। তবে তার আগে করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান।
অধিনায়ক ফিরে যাওয়ার পর সাইফউদ্দিনও অহেতুক হাঁকাতে গিয়ে আউট। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে সেটি পল না পেলেও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের লাগাম আবার নিয়ে নেয় নিজেদের হাতে। শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ৩০ রান।
২৫-৩০ রানের আক্ষেপ জাগিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২২৬ রানে। এই রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ঝোড়ো শুরু এনে দেন দুই ওপেনার গিডরোন পোপ আর টেভিন ইমলাক। শেষ বিচারে দেখা গেল দুই দলের প্রথম ১০ ওভারের ব্যাটিং গড়ে দিয়েছে বড় ব্যবধান।
ক্যারিবীয়দের দুর্দান্ত শুরুর পর বাংলাদেশ বোলিংয়ে চেপে ধরার চেষ্টা করেছে। তবে চাপ সামলে ক্যারিবীয় অধিনায়ক হেটমায়ার খেলেছেন ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে মূল পার্থক্যটা গড়ে দিয়েছেন আসলে শিমরান স্প্রিঙ্গার। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও সমান উজ্জ্বল ক্যারিবীয় এই অলরাউন্ডার। গ্রুপ পর্বে ফিজির বিপক্ষে সেঞ্চুরি করা স্প্রিঙ্গারের ৮৮ বলে অপরাজিত ৬২ রানের অসাধারণ ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গেছে ফাইনালে। জয়সূচক রানের পর তাঁর নাচুনে উদ্যাপনটা ছিল দেখার মতো।
এমন পরাজয়ে বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতও কম দায়ী নয়! ক্যাচ হাতছাড়া করা, মিস ফিল্ডিং—ওভার থ্রোয়ে বিশ্বাস করা কঠিন ছিল, এই দলটা অসাধারণ ফিল্ডিং করেছে আগের চার ম্যাচে।
বাংলাদেশের হারের পেছনে মোটা দাগে টপ অর্ডারের ব্যর্থতা আর বাজে ফিল্ডিংকে দায়ী করলেও আরেকটি বিষয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই—সেমিফাইনালের মতো বড় ম্যাচ না খেলার অনভিজ্ঞতা। ম্যাচের আগে যতই খেলোয়াড়েরা বলুন, ‘কোনো চাপ নেই’, ঠিকই চাপের কাছে হার মেনেছেন তাঁরা।
মেহেদীদের স্বপ্নটার সমাপ্তি ঘটলেও ফ্ল্যাশব্যাকে দারুণ সব ছবিই তাঁদের চোখে ভাসবে। পূর্বসূরিদের সর্বোচ্চ সাফল্য যেখানে পঞ্চম স্থান, মেহেদীরা সেটা অন্তত চতুর্থ স্থানে নিতে পারলেন। এটিও তো কম নয়! উত্তরসূরিরা নিশ্চয়ই আরেকটু এগোবে। একদিন হয়তো ধরা দেবে স্বপ্নটা...।
তবে আপাতত মেহেদী-নাজমুলদের ঘরের মাঠে দেখতে হবে ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের উৎসব।
বাংলাদেশ: ৫০ ওভারে ২২৬; ও. ইন্ডিজ: ৪৮.৪ ওভারে ২৩০/৭; ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী