শেষ চারের দিকে মুস্তাফিজের দল
প্রথম বলটিই ছিল কাটার। মুরালি বিজয় ধোঁকা খেলেন দ্বিতীয় বলটিতে। লেগ সাইডে খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটের কানায় লেগে বলটি গেল মিড অফে দাঁড়ানো ডেভিড ওয়ার্নারের হাতে। কাল মুস্তাফিজের দিনের শুরুটা ছিল দারুণ। তবে কি দুই দলের সর্বশেষ ম্যাচের স্মৃতি ফিরিয়ে আনছেন মুস্তাফিজুর রহমান? কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেই তো ৯ রানে ২ উইকেট পেয়েছিলেন ‘কাটারমাস্টার’।
কিন্তু স্বপ্নের মতো শুরুটা ধরে রাখতে পারলেন না মুস্তাফিজ। দ্বিতীয়বার বল হাতে নিলেন ১৫তম ওভারে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই চার মারলেন গুরকিরাত সিং। পরের বলগুলোয় মুস্তাফিজ ফিরলেন দারুণভাবে। বাকি ৫ বলের ৪টিতেই নাস্তানাবুদ গুরকিরাত। কিন্তু তৃতীয় ওভারেই ‘নির্মম’ হয়ে উঠলেন হাশিম আমলা। মুস্তাফিজের প্রথম বলে স্কুপ প্যাডেল করে চার, দ্বিতীয় চার পরের বলেই, মিড উইকেট দিয়ে। মাঝখানে ২ রান, ওভারের সমাপ্তি আরেকটি স্কুপ পেডেলে চার। ওই ওভারেই ১৪ রান দিলেন মুস্তাফিজ। শেষ ওভারেও ৮ রান। ৪ ওভারে ৩২ রান, উইকেট মাত্র একটি। মুস্তাফিজের হতাশার দিনে ব্যর্থ সানরাইজার্স হায়দরাবাদের বাকি বোলাররাও। সেটিরই সুবিধা নিয়ে পাঞ্জাবের রান হলো ১৭৯, যাতে আমলার একারই অবদান ৯৬।
তবে হায়দরাবাদের কাছে এই রানও যথেষ্ট ছিল না। দলটির সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। ২ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে গেছে মুস্তাফিজের দল। তাতে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠার দৌড়ে তারা এগিয়ে গেল। আর এই হার নিশ্চিত করল এবারের আইপিএল থেকে পাঞ্জাবের বিদায়। সূত্র: সনি সিক্স।