শেষ টান সাকিব-সাব্বিরের

অক্ষর প্যাটেলের বলটা থার্ড ম্যানে ঠেলে দিয়ে সাব্বির রহমান এগিয়ে গেলেন সতীর্থের দিকে। ওপাশে সাকিব আল হাসানের মধ্যে কিন্তু বাঁধভাঙা উচ্ছ্বাস নেই। ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্য ম্যাচে’র অভিব্যক্তিটা যেন ‘এ আর এমন কী’! ম্যাচটিকে যদি তুলনা করা হয় বিজয়গাথার এক অনুপম ক্যানভাসের সঙ্গে, তাতে দুজন মিলে কাল তুলির টানে দিলেন শেষ আঁচড়। অনেকেই হয়তো ভুলে গেছেন, প্রথম ওয়ানডেতেও দুজনের ব্যাটেই বাংলাদেশ এড়িয়েছিল সম্ভাব্য বিপর্যয়।
তামিম-সৌম্যের দারুণ শুরুর পর প্রথম ওয়ানডেতে হঠাৎ করেই ছোট্ট ধ্বস বাংলাদেশের ইনিংসে। ২৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খানিকটা বেপথু বাংলাদেশ। ক্রিজে সাকিবের সঙ্গী হয়ে এলেন সাব্বির, দুজন মিলে গড়লেন ৮৩ রানের জুটি। শেষ পর্যন্ত যে বাংলাদেশ ৩০৭ রানে পৌঁছাল, তাতে বড় অবদান সাকিব (৫২) ও সাব্বিরের (৪১) দুটি ইনিংসের।
কাল দলীয় ১৫২ রানে মুশফিক যখন আউট হলেন, ম্যাচ প্রায় হাতের মুঠোয়। বাংলাদেশের দরকার ৪৮ রান, ১৭ ওভারেরও বেশি বাকি। তারপরও বিপদের যে সামান্য সম্ভাবনাটুকুও ছিল, সেটা একদমই বড় হয়ে উঠতে দিলেন না দুজন। আরও একবার সাকিবের ব্যাট নির্ভরতা হয়ে এসেছে, ৬২ বলে ৫১ রান করে পেয়েছেন সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি। সাব্বিরও দেখিয়ে দিয়েছেন,তাঁর মধ্যে আরেক ‘ফিনিশার’কে খুঁজে পেতে চলেছে বাংলাদেশ। ২৩ বলে ২২ রানের ছোট্ট ইনিংসে এতটুকু স্নায়ুচাপের চিহ্ন ছিল না। মুস্তাফিজুর যদি নায়ক হন, ভারতের সঙ্গে স্মরণীয় সিরিজ জয়ে তাঁরা দুজন পার্শ্বনায়ক।