শেষ দশ ওভারই গড়ে দিল পার্থক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারা-দিলশান জুটিই আজ সাহস জুগিয়েছিল শ্রীলঙ্কাকে ছবি: এএফপি।
সাঙ্গাকারা-দিলশান জুটিই আজ সাহস জুগিয়েছিল শ্রীলঙ্কাকে ছবি: এএফপি।

তত্ত্ব বলে, ৩০ ওভারের মধ্যে স্কোরবোর্ডে যে রান ওঠে, হাতে উইকেট থাকলে সেই স্কোর নাকি ঠিক তার দ্বিগুণ হয়ে যায়। সেই তত্ত্বের বিচারে আজকের ম্যাচটা জেতার কথা ছিল শ্রীলঙ্কারই। শুধু তা-ই নয়। ৪০ ওভার পর্যন্ত ম্যাচের পাল্লা তুলনামূলক বিচারে শ্রীলঙ্কার দিকেই বেশি করে ঝুঁকে ছিল। ৪০ ওভারে তারা স্কোরবোর্ডে তুলেছিল ৪ উইকেটে ২৭২। একই সময়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৫৩। সব দিক দিয়ে এগিয়ে থেকেও দিন শেষে পরাজিত লঙ্কানরাই। সিডনির শ্রেষ্ঠত্বের ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৬৪ রানে। শেষ দশ ওভারের ব্যর্ততাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে।

শ্রীলঙ্কার পক্ষে আজ বীর হয়ে উঠেছিলেন কুমার সাঙ্গাকারা। একদিনের ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ডটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে গড়েছেন এক অনন্য রেকর্ড। বিশ্বকাপে যে আর কোনো খেলোয়াড়েরই টানা তিন ম্যাচে সেঞ্চুরির ইতিহাস নেই। সাঙ্গাকারার দুর্ভাগ্য যে এমন দারুণ ইনিংসের পরেও তিনি পরাজিতের দলে। ১১টি চারে, ১০৭ বলে করা তাঁর ১০৪ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার হৃৎ​কম্প যে অনেক খানি বাড়িয়ে দিয়ে দিয়েছিল, একথা না বললেও চলে।
অস্ট্রেলিয়ার বিশাল রান তাড়া করার অভিপ্রায়টা লঙ্কানদের কেবল সাঙ্গাকারাই জোগাননি, দারুণ খেলেছেন তিলকরত্নে দিলশানও। দলীয় ৫ রানে লাহিরু থিরিমান্নের বিদায়ের পর দিলশান ঝড় তুলেছিলেন এসসিজিতে। মিচেল জনসনের এক ওভারেই ছয়টি চারের মার মেরে ইনিংসের গতি-প্রকৃতি পুরোপুরিই নিয়ে আসেন শ্রীলঙ্কার পক্ষে। সাঙ্গাকারাতে সঙ্গে নিয়ে দারুণ একটা জুটি গড়ে উন্মাতাল করে দেন সিডনি মাঠে উপস্থিত হাজার হাজার লঙ্কান সমর্থককে।
দিলশান ও সাঙ্গাকারা জুটি ছিল ১৩০ রানের। শ্রীলঙ্কার পক্ষে বিশ্বকাপে অন্যতম সেরা জুটি এই দু’জন। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এই দুই ব্যাটসম্যান জুটি গড়ে তুলেছেন ৮০০ রান। এর মধ্যে শতরানের জুটি দুটি, অর্ধশতক ৬টি। এমনই এক জুটি গড়ে আজ তারা ​নাকের পানি, চোখের পানি এক করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি জেমস ফকনারের বলে দিলশান এলবি’র ফাঁদে পড়লে।
সাঙ্গাকারাকে ফেরান ওই ফাকনারই। মিড উইকেটে বেশ কিছু দূর দৌড়ে এসে বলটি লোফেন অ্যারন ফিঞ্চ। মাহেলা জয়াবর্ধনে নিজের ইনিংসের অপমৃত্যু ঘটান ক্ষণিকের ভুল সিদ্ধান্তে, রান আউটের খাড়ায় পড়ে, ব্যক্তিগত ১৯ রানে।
দিনেশ চান্দিমালও লড়েছিলেন। বেশ দ্রুতগতিতেই তিনি পৌঁছে ​গিয়েছিলেন নিজের অর্ধ শতকে। মাত্র ২২ বলে ৫২ করার পর তাঁর আহত হয়ে মাঠ ত্যাগ করাটাকে অনেকে ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ই মনে করছেন। অসম্ভব ফর্মে থাকা চান্দিমাল আরও কিছুক্ষণ উইকেটে থাকলে ম্যাচের স্রোতধারা কোথায় গড়াতো, সেটা বিতর্ক সাপেক্ষ হলেও তাঁর বিদায় যথেষ্ট বিপদেই ফেলে দিয়ে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপকে। ৩৫ রানে অ্যাঞ্জেলো ম্যাথুসও বিদায় নেন​। এই দু’জনের ৮০ রানের জুটিটি স্বপ্ন দেখাচ্ছিল শ্রীলঙ্কাকে। কিন্তু দিন শেষে ৩৭৭ রানের লক্ষ্যমাত্রাটা যে বড্ড বেশি, সেটাই যেন শ্রীলঙ্কা প্রমাণ করল ৪৬.২ ওভারে ৩১২ রানে অল আউট হয়ে।
অস্ট্রেলীয় বোলারদের মধ্যে সেরা বোলার জেমস ফোকনারই। ৪৮ রানে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট ​দুই মিচেল—স্টার্ক ও জনসনের। একটি উইকেট শেন ওয়াটসনের। সূত্র: স্টারস্পোর্টস।