চতুর্থ দিন শেষেও রাজকোটের উইকেটে এমন কোনো জুজু নেই। দুই দলের তিনটি ইনিংসই এখনো শেষ হয়নি। খুব নাটকীয় কিছু না হলে ড্র-ই এই টেস্টের সম্ভাব্য ফল। কিন্তু জয়ের আশা কেউ দেখলে সেটা ভারতের চেয়ে বোধ হয় ইংল্যান্ডেরই বেশি। চতুর্থ দিন শেষে ১৬৩ রানে এগিয়ে আছে ইংল্যান্ড, হাতে ১০ উইকেট। এই টেস্ট শুরুর আগেই বা সেটি কে ভেবেছিল?
তৃতীয় দিনের মতো ইংল্যান্ড কালও হেসেছে সকাল সকাল। প্রথম ১০ ওভারের মধ্যেই ফিরে গেছেন অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি। কোহলির আউটটা আবার একটু অদ্ভুতই, রশিদের বলটা মিড উইকেটে পুল করতে গিয়ে হয়েছেন হিট উইকেট। তার আগে রাহানে ১৩ রান করে বোল্ড বাঁহাতি স্পিনার জাফর আনসারির বলে। ৩৬১ রানে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন বড় লিড নেওয়ার স্বপ্ন দেখছে, তখনই রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহার প্রতিরোধ। ঋদ্ধিমান অবশ্য ৯ রানেই ফিরে যেতে পারতেন, জনি বেয়ারস্টো উইকেটের পেছনে ক্যাচটা ধরতে পারেননি। শেষ পর্যন্ত সপ্তম উইকেটে দুজনের ৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ঋদ্ধিমান ৩৫ রানে আউট হয়ে গেলেও অশ্বিন ছিলেন শেষ পর্যন্ত। শেষ তিন উইকেটে জাদেজা, যাদব ও সামিকে নিয়ে যোগ করেছেন আরও ৬৩ রান। ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার আদিল রশিদই।
৪৯ রানে এগিয়ে মানসিক স্বস্তি নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ও হাসিব হামিদের ১১৪ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি দিন শেষে তাদের জন্য আরও বড় স্বস্তির। অভিষেক ইনিংসে ৩১ রান করা হামিদ কাল পেয়ে গেলেন প্রথম টেস্ট ফিফটি। চেতেশ্বর পূজারার পর গুজরাট আরেক ‘ঘরের ছেলে’র ফিফটি দেখল! ১৯ বছর বয়সী হামিদের বাপ-দাদার ভিটা যে গুজরাটে! ৬২ রানের ইনিংসটা হামিদ আজ তিন অঙ্কেই নিয়ে যেতে চাইবেন। তবে ইংল্যান্ড চাইবে লিডটা যত দ্রুত সম্ভব বাড়িয়ে নিতে। গত বছর পাকিস্তানের সঙ্গে আবুধাবিতে নিষ্প্রাণ টেস্টটা যেমন শেষ দিনে হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল, রাজকোটেও সে রকম কিছু অপেক্ষা করছে কি না কে জানে! সূত্র: ক্রিকইনফো।