শেষ দিনে খেলার জন্যই খেলা

প্রথম ইনিংসে দলের ব্যাটিংয়ে বেশ বিরক্ত হয়েছিলেন ব্রেন্ডন টেলর। নিজে রান না পেলেও সতীর্থদের কালকের ব্যাটিংয়ে বেশ খুশি জিম্বাবুয়ে অধিনায়ক। ওভারপ্রতি ৪ করে নিয়ে রান ৫ উইকেটে ২০১। রান পেয়েছেন আরভিন-সিকান্দার রাজারা। টেলরের মুখে হাসি ফুটতেই পারে। কিন্তু স্কোরকার্ড আর রানসংখ্যাই কি বলছে সবটা!
বিসিবি একাদশে তো বিশেষজ্ঞ স্পিনারই রাখা হয়নি। অনিয়মিতদের মধ্যেও যে দুজন একটু নিয়মিত, সেই শুভাগত আর নাঈম বোলিং করলেন না ১ ওভারও। ঘরোয়া ক্রিকেটেও যাঁরা হাত ঘোরান কদাচিৎ, সেই রনি তালুকদার আর আসিফ আহমেদ মিলে করেছেন ২১ ওভার। উইকেটও মিলেছে দুজনের। এমনকি আনকোরা সাদমান ইসলামও ২ ওভার বোলিং করে নিয়েছেন টেলরের উইকেট। এমনকি উইকেটকিপার জসিমউদ্দিনও গ্লাভস-প্যাড খুলে বোলার হয়ে গেলেন।
খেলাও হচ্ছিল যেন নাটক-সিনেমার ‘স্লো মোশন’-এর মতো। ব্যাটিং অনুশীলনের জন্য নির্ধারিত সময়ের আগে খেলা শেষ করতে নারাজ জিম্বাবুয়ে। বিসিবি একাদশের বোলার-ফিল্ডারদের শরীরী ভাষায় জগতের সব অনাগ্রহ। প্রায় প্রতি ওভার শেষেই পানি নিয়ে কারও প্রবেশ। একটু পরপরই নতুন করে সাজাতে হচ্ছিল ফিল্ডিং। বোলাররাও পারলে একেকটি ওভার শেষ করেন অনন্তকাল ধরে। সব মিলিয়ে চা-বিরতির আধঘণ্টা আগ থেকে দিনের শেষ পর্যন্ত যা হলো, সেটিকে ক্রিকেট না বলে প্রহসন বলাই ভালো।
এসবের সুযোগ নিতে পারলেন কেবল ক্রেইগ আরভিনই। ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলে দেড় বছর পর ফেরা ব্যাটসম্যান আত্মবিশ্বাসের রসদ পেয়ে গেছেন ৯৮ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংসে। হ্যামিল্টন মাসাকাদজা রনি তালুকদারের বলেই বোল্ড ৩১ রানে। অধিনায়ক টেলর তো সাদমানকে উড়িয়ে মারতে গিয়ে ৪ রানেই আউট। জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ভাগটায় অবশ্য ‘সিরিয়াস’ ক্রিকেটই। ভুসি সিবান্দা আর সিকান্দার রাজার ৬৮ রানের উদ্বোধনী জুটিও তাই জিম্বাবুয়ের জন্য ভালো বার্তা। তবে দেওয়ান সাব্বিরের দুর্দান্ত দুটি বলে হারিয়ে যায় শুরুর স্বস্তি। দুর্দান্ত এক ইনসুইঙ্গারে সিবান্দার স্টাম্প উপড়ানোর পর সাব্বির আরেকটি ইনসুইঙ্গারে উড়িয়েছেন ব্রায়ান চারির বেল। দারুণ খেলতে থাকা সিকান্দার এলবিডব্লু হয়েছে আসিফের স্পিন করে ভেতরে ঢোকা নিচু হওয়া এক বলে। বিনা উইকেটে ৬৮ থেকে জিম্বাবুয়ে তখন ৩ উইকেটে ৭২। চতুর্থ উইকেটে আরভিন-মাসাকাদজা দাঁড়িয়ে যান। পরে ‘শৌখিন’ বোলারদের মিছিল আর ফিল্ডারদের অনাগ্রহ মিলে দৈন্য মিলিয়ে ম্যাচটা হারায় প্রতিদ্বন্দ্বিতার সুর।
সকালে বিসিবি একাদশের ব্যাটিংও খুব একটা ভালো হয়নি। দিনের দ্বিতীয় ওভারেই নিয়ন্ত্রণহীন ড্রাইভে স্লিপের হাতে বন্দী তাইবুর পারভেজ। ঘরোয়া ক্রিকেটে যিনি প্রায়ই হয়ে ওঠেন প্রায় বিশেষজ্ঞ ব্যাটসম্যান, সেই মুক্তার আলীও শিঙ্গি মাসাকাদজার বলে ফিরেছেন ৪ রানে। মূল লড়াইয়ের অন্যতম সৈনিক শুভাগত হোম অবশ্য অপরাজিত থেকে যান ৭৫ রানে। তবে আগের দিন ২২ রানে জীবন পাওয়ার পর কাল সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন ৬৩ রানে। ফিফটির পর ধৈর্য হারানোর দায় থেকে মুক্তি দেওয়া যাচ্ছেন না তাই তাঁকেও।
ম্যাচটি ছিল অনেকটা লুকোচুরির। বিসিবি একাদশ যেমন কোনো বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি, জিম্বাবুয়েও তেমনি খেলায়নি সম্ভাব্য দুই মূল পেসার পানিয়াঙ্গারা-চাতারা এবং অভিষেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট পাওয়া স্পিনার জন নিয়ুম্বুকে। প্রস্তুতি ম্যাচ থেকে তাই টেস্টের বার্তা খুঁজে নেওয়া কঠিন। তবে একটা ব্যাপার নিশ্চিত, দুই দলই টেস্টের লড়াইয়ে নামছে প্রশ্নবিদ্ধ ব্যাটিং নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৪১
বিসিবি একাদশ ১ম ইনিংস: ১০২.৫ ওভারে ২৯৭ (শামসুর ৬৯, সাদমান ০, রনি ৪৬, মার্শাল ৩১, শুভাগত ৭৫*, নাঈম ২, আসিফ ২৩, তাইবুর ১৫, মুক্তার ৪, জসিমউদ্দিন ১৮, রবিউল ০; শিঙ্গি ২/৩২, চিগুম্বুরা ১/৪০, ওয়েলিংটন ০/৫২, কামুনগোজি ৩/৪১, মুশাঙ্গুয়ে ৪/১০৯, টেলর ০/০, ওয়ালার ০/৭, সিকান্দার ০/৬)।
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৫০ ওভারে ২০১/৫ (সিবান্দা ২২, সিকান্দার ৪৫, চারি ০, আরভিন ৮৫*, হ্যামিল্টন মাসাকাদজা ৩১, টেলর ৪, চিগুম্বুরা ৪*; রবিউল ০/১০, শুভাশিস ০/২১, মেহেদি ০/২১, মুক্তার ০/১০, সাব্বির ২/১৭, আসিফ ১/৩৮, সাদমান ১/১২, রনি ১/৩৬, মার্শাল ০/১৯, জসিমউদ্দিন ০/১২)।