শেষ দিনে চন্দরপল-গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচ হলেও ওয়ার্নার পার্কের প্রেসবক্সে প্রতিদিন অন্তত আট-নয়জন লোক থাকছে। যদিও বাংলাদেশি দুজন মিলিয়ে সাংবাদিকের সংখ্যাটা তিনের বেশি কখনোই নয়। বাকিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দু-একজন আছেন। তবে সবচেয়ে বড় দলটা বাংলাদেশ দলের কোচিং স্টাফ।
একটা কারণ, প্রেসবক্স থেকে মাঠটা সবচেয়ে ভালো দেখা যায়। এ ছাড়া ম্যাচ চলাকালীনও যেহেতু পরিসংখ্যান নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়, ইন্টারনেট-সুবিধা পাওয়াও তাঁদের প্রেসবক্সে বসে খেলা দেখার উদ্দেশ্য হতে পারে। তবে ম্যাচের শেষ দুই দিনে সবচেয়ে বড় কারণটা বোধ হয় ছিল প্রতিপক্ষের ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলকে নিয়ে গবেষণা করাই। তা চন্দরপল দীর্ঘ সময় ধরেই তাঁদের সেই সুযোগটা দিলেন। ১৮৩ রান করে আউট হয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের শেষ ব্যাটসম্যান হিসেবে। দলের রান ততক্ষণে ৩৯৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস অলআউট হয়ে যাওয়ার পরপরই চা-বিরতি দিয়ে দেওয়ায় এ প্রতিবেদন লেখার সময়ও শুরু হয়নি বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
৩৭৭ রান করে বাংলাদেশ দলের ইনিংস ঘোষণা করে দেওয়ার অন্যতম কারণ ছিল টপ অর্ডার ব্যাটসম্যানদের আবারও ব্যাটিংয়ের সুযোগ দেওয়া। পরশু দিন শেষে সেঞ্চুরিয়ান নাসির হোসেন বলছিলেন, ‘আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব বড় ইনিংস খেলতে পারেনি। যদি ওদের দ্রুত অলআউট করে দেওয়া যায়, টপ অর্ডাররা আবার ব্যটিংয়ের সুযোগ পাবে। সে জন্যই ইনিংস ঘোষণা।’ বাংলাদেশ দলের টপ অর্ডাররা সেই সুযোগটা পেলেন কাল শেষ সেশনে।
ওপেনার শেন জেফার্সের সেঞ্চুরির (১১৮) সুবাদে ৪ উইকেটে ২৩১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ৭০ রানে অপরাজিত থাকা চন্দরপল কাল পেসার রবিউলের বলে স্কয়ার কাটে বাউন্ডারি মেরে পূর্ণ করেছেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে ৯৪ রানের জুটি গড়েছেন জেরেইমা লুইসের সঙ্গে। রুবেলের বলে কাভারে মুমিনুলের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৮৩ রান করতে খেলেছেন ৩১৫ বল, উইকেটে ছিলেন ৪১২ মিনিট। ২০টা বাউন্ডারির সঙ্গে ছক্কাও মেরেছেন দুইটা। বাংলাদেশি টপ অর্ডারদের চেয়ে তাঁর ব্যাটিং প্র্যাকটিসটাই বোধহয় বেশি হয়ে গেল!
বাংলাদেশি স্পিনারদের খেলতেই বেশি সমস্যা হয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানদের। বোলিং বিশ্লেষণও তাই বলছে—সাতটা উইকেটই নিয়েছেন স্পিনাররা। তাইজুল, শুভাগত ৩টি করে, মাহমুদউল্লাহ ১টি। অন্য ৩টি উইকেট পেয়েছেন পেসার রুবেল।
চন্দরপলের ব্যাটিং বাংলাদেশি বোলার-ফিল্ডারদের এমনই ধৈর্যচ্যুতির কারণ হয়ে উঠেছিল যে খেলোয়াড়দের শরীরী ভাষায়ও ফুটে উঠছিল তা। শামসুর রহমান তো একপর্যায়ে পাড়ার ক্রিকেটের মতো জায়গায় দাঁড়িয়ে লোপ্পা বল দিতে শুরু করলেন। পরপর দুইটা বল করলেন এ রকম, যা দেখে হতভম্ব কোচ হাথুরুসিংহে। বিব্রত ম্যানেজার হাবিবুল বাশারও। প্রেসবক্সের জানালা খুলে কোচ চিৎকার করে বলতে লাগলেন, ‘শুভ (শামসুর), হোয়াট আর ইউ ডুইং...?’ কোচের ধমক খেয়ে এরপর আবার স্বাভাবিকভাবে বল করা শুরু করেন শামসুর। ওই সময় মাঠে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দিচ্ছেলেন, সেটাও বোঝা যাচ্ছিল না। মুশফিক তো এই ইনিংসে ফিল্ডিংয়েই নামেননি। আগের দিন তাঁর পরিবর্তে তামিমকে দল পরিচালনা করতে দেখা গেছে। কিন্তু কাল ওই ঘটনার সময় তামিমও মাঠে ছিলেন না।
প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ দলে চন্দরপলই একমাত্র ক্রিকেটার, যিনি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলেও আছেন। তাঁকে ড্রেসিংরুমে ফেরাতে বোলাররা যেমন মাঠে ঘাম ঝরিয়েছেন, প্রেসবক্সে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের নেতৃত্বে কোচিং স্টাফও ব্যস্ত ছিল ‘দ্য ক্যারিবিয়ান ওয়াল’-এর ছিদ্র খোঁজার গবেষণায়। তাঁদের নিচু স্বরের আলোচনায় কান পাতলেই শোনা গেছে চন্দরপলকে নিয়ে আলোচনা। তাঁর অদ্ভুত স্টান্সের সামনে কোথায় বল ফেললে সফল হওয়া যাবে, কীভাবে ফিল্ডিং সাজাতে হবে, সেই গবেষণার কথা।
কাজটাতে বাংলাদেশ দলের কোচরা কতটা সফল হলেন, টেস্ট সিরিজ শুরু হলেই সেটা জানা যাবে।