শেষ দিনে নায়ক অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকারের উল্লাস জেমস অ্যান্ডারসনের l এএফপি
শিকারের উল্লাস জেমস অ্যান্ডারসনের l এএফপি

জানা ছিল, ওয়ানডের ‘অস্বস্তিকর’ পৃথিবীটা ছেড়ে টেস্ট অঙ্গনে পা রাখলেই বদলে যাবে ইংল্যান্ড। সেখানে বিশ্বকাপের লজ্জার নেকাবটা সরিয়ে দুর্দান্ত সাহসী হয়ে উঠবে তারা। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা আবার গতি ফিরে পাবেন বোলিংয়ে, মেলে ধরবেন সুইংয়ের পসরা। জো রুট, গ্যারি ব্যালান্সদের ব্যাটে আবার রান আসবে। এউইন মরগান নন, নেতা এখানে অ্যালিস্টার কুক।
এই যে কজনের নাম বলা হলো, এঁদেরই মিলিত অবদানে পরশু গ্রেনাডা টেস্টটা জিতে নিল ইংল্যান্ড। ১-০ তে এগিয়ে থেকে আগামী ১ মে ব্রিজটাউনে তারা নামবে তিন টেস্টের সিরিজ জয়ের লক্ষ্যেই।
গ্রেনাডা টেস্টে ইংলিশদের মিলিত অবদানেই ৯ উইকেটে হারল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৭৬ রানের পাশে দ্বিতীয় ইনিংসে কুকের অপরাজিত ৫৯, ব্যালান্সের ৭৭ ও অপরাজিত ৮১। সঙ্গে প্রথম ইনিংসে ওপেনার জোনাথন ট্রটের ৫৯, রুটের অপরাজিত ১৮২। ব্যাটিংয়ে ইংল্যান্ড কয়েক ক্রোশ পেছনে ফেলেছে ক্যারিবীয়দের। টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটা রুটকেই এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
পরশু পঞ্চম দিনের খেলা যখন শুরু হলো, ১৬৫ রানের ঘাটতি মুছে ফেলে বীরদর্পে ড্রয়ের দিকে এগিয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা অনেক দূরের ছবি। তখনই দৃশ্যপটে আগমন অ্যান্ডারসনের। আগের টেস্টেই ইয়ান বোথামকে টপকে ইংল্যান্ড বোলিংয়ের সিংহাসনে বসা পেসার জ্বলে উঠলেন নতুন বল হাতে। দ্রুত তুলে নিলেন ৩ উইকেট—দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিয়ান ক্রেগ ব্রাফেট (১১৬), শিবনারায়ণ চন্দরপল (৭) ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মারলন স্যামুয়েলসকে (৩৭)। প্রথম পানি পানের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ২২৪ থেকে ৫ উইকেটে ২৪৯। লাঞ্চের সময় তারা ৮ উইকেটে ২৮৬। লাঞ্চের আগে-পরে স্বাগতিক দল ৩০.৪ ওভারে ৮৩ রানে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রানে অলআউট। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রান। সময় ছিল হেসেখেলে লক্ষ্যে পৌঁছে যাওয়ার—৫৯ ওভার। শ্যানন গ্যাব্রিয়েল ২ রানে ট্রটকে একটি ‘ডাক’ উপহার দিয়েছেন, কিন্তু কুক ও ব্যালান্স ৪১.১ ওভারে অবিচ্ছিন্ন ১৪২ রানের জুটিতে তাঁর দলকে উপহার দিয়েছেন বজ্রাঘাতের মতো এক পরাজয়। দেশের বাইরে প্রায় আড়াই বছর পর টেস্ট জিতল ইংল্যান্ড। ১০ ম্যাচ আগে সর্বশেষ জয়ের স্বাদ ২০১২ সালের ডিসেম্বরে, ভারতের বিপক্ষে কলকাতায়।
পঞ্চম দিনের প্রথম সেশনে অ্যান্ডারসন উইকেট নিয়েছেন ৩টি। ওয়েস্ট ইন্ডিজের আরও তিন উইকেটের পেছনেও উজ্জ্বল তাঁর ভূমিকা। জর্ডানের বোলিংয়ে নিয়েছেন ব্ল্যাকউডের ক্যাচ, মঈন আলীর বোলিংয়ে রোচের। তাঁরই দুর্দান্ত থ্রোয়ে রানআউট ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের ত্রাতা জেসন হোল্ডার, পরে বোলিং করতে গিয়ে যিনি চোট পেয়েছেন অ্যাঙ্কেলে।
শেষ দিনে অসম্ভব এক জায়গা থেকে ম্যাচটিকে ইংল্যান্ডের করেছেন আসলে অ্যান্ডারসন। কিন্তু ম্যাচসেরার পুরস্কারটি উঠল রুটের হাতে। ক্রিকেটটা কখনো কখনো এমনই অননুমেয়!
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২৯৯ ও ৩০৭ (ব্রাফেট ১১৬, ব্রাভো ৬৯, স্যামুয়েলস ৩৭; অ্যান্ডারসন ৪/৪৩, মঈন ৩/৫১)। ইংল্যান্ড: ৪৬৪ ও ১৪৪/১ (ব্যালান্স ৮১*, কুক ৫৯*; গ্যাব্রিয়েল ১/২০)।
ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: জো রুট।