শেষ দিনে প্রোটিয়াদের স্পিন-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ বাঁচাতে জিততেই হবে—সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে (এসএসসি) কাল শেষ টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কা তাই দ্রুত রান করার পরিকল্পনা নিয়েই নামল। দ্রুত রান তুলে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের লক্ষ্য দেওয়া ও এরপর স্পিনের ফাঁদে ফেলাই মূল লক্ষ্য।

দ্রুত রান তোলার পরিকল্পনায় পুরোপুরিই সফল লঙ্কানরা। ওভারপ্রতি চারের বেশি রান, ২২৯ করে ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা। জিততে হলে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার চাই ৩৬৯ রান। ড্র করে ম্যাচ বাঁচাতে ও সিরিজ জিততে প্রোটিয়াদের টিকে থাকতে হবে পুরো একটা দিন।

এক পাশে রঙ্গনা হেরাথ, অন্য পাশে দিলরুয়ান পেরেরা। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস আক্রমণ শুরুই করলেন স্পিন দিয়ে। স্পিন-জুজুতে আক্রান্ত হয়েই কি না ২৫ বলে কোনো রান না করেই আউট ওপেনার আলভিরো পিটারসেন। বৃষ্টি ও আলোকস্বল্পতায় আগেভাগেই দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে এই ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির পূর্বাভাস আছে আজও। লঙ্কানদের ভয় এখানেই।

গলে প্রথম টেস্টে ১৫৩ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়া শ্রীলঙ্কাকে ১০.২ ওভারে ৩৮ রান এনে দেন ওপেনাররা। পরের ৬৫ বলে আরও ৪৪ রান যোগ করলেন কৌশল সিলভা ও কুমার সাঙ্গাকারা। পরপর দুই ওভারে সিলভা ও মাহেলা জয়াবর্ধনাকে হারালেও ব্যাটে লাগাম টেনে ধরতে দেননি সাঙ্গাকারা। ৯০ বলে ৮ চারে ৭২ রান করা সাঙ্গাকারা চতুর্থ উইকেটে অধিনায়ক ম্যাথুসের সঙ্গে ১৭.২ ওভারে যোগ করেন আরও ৮১ রান। সর্বশেষ নয় টেস্টে নবম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ৬৩ রানে অপরাজিত ম্যাথুস। প্রথম ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি করা জয়াবর্ধনে এবার আউট হয়েছেন কোনো রান না করেই।

কাল লঙ্কানদের জন্য দুঃসংবাদ ছিল একটাই—নিরোশান ডিকভেলার জরিমানা গোনা। তৃতীয় দিনে অন্যায্য একটি ক্যাচের আবেদন করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে অভিষিক্ত এই উইকেটকিপারকে। এএফপি, ক্রিকইনফো।