শেষ দিনে মিঠুনের ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি খেয়ে নিয়েছিল পুরো দ্বিতীয় দিন। তৃতীয় দিনেও হতে পারেনি পুরো দিনের খেলা। এটা স্পষ্টই ছিল শেষ দিনে অলৌকিক কিছু না হলে বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচের ভাগ্যেই ড্র লেখা হবে। হয়েছে তা-ই। রাজশাহীতে তবু একটু খেলা হয়েছে, কিন্তু বগুড়ায় কাল পিচে পড়েনি একটি বলও।
সারাটা দিনই ঘন কুয়াশায় ঢেকে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। তাই মাঠেই নামতে পারেনি পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। অনেক অপেক্ষার পর বেলা আড়াইটায় পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল ফলোঅন এড়াতে পারে কি না সেটাই ছিল দেখার। ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণাঞ্চল চতুর্থ উইকেট হারায় আর মাত্র ২ রান যোগ হতেই। ফলোঅন এড়াতে তখনো দরকার ১৪৮ রান। ত্রাতা হয়ে আসেন মোহাম্মদ মিঠুন, তাঁর ব্যাটেই ফলোঅন এড়ায় দক্ষিণাঞ্চল। চারে নামা এই উইকেটকিপার ব্যাটসম্যান আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে দলকে ২৪৬ রানে নিয়ে। ১৭৪ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭৮ রান মিঠুনের। ৪৫ ও ২৭ রানের দুটি ইনিংসে তাঁকে ভালোই সাহায্য করেছেন ফরহাদ রেজা ও সোহাগ গাজী।

মধ্যাঞ্চল আবার ব্যাট করতে নেমে ১ উইকেটে ৪৫ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল। অপরাজিত ১৬ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন রনি তালুকদার।

বিসিএলের তৃতীয় রাউন্ড শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

সংক্ষিপ্ত স্কোর

উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল, বগুড়া

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৩.১ ওভারে ২১৪। উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৯ ওভারে ৫৯/৩।

ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: সানজামুল ইসলাম।

মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল, রাজশাহী

মধ্যাঞ্চল: ৩৮১ ও ২১ ওভারে ৪৫/১ (শামসুর ২০, রনি ১৬*; রাজ্জাক ১/২০)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৬ (মিঠুন ৭৮, রেজা ৪৫, তুষার ৩৩, ফজলে ৩২, সোহাগ ২৭; শরীফউল্লাহ ৪/২৭, শহীদুল ৩/৩৭, শুভাগত ৩/৭৭)।

ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: শরীফউল্লাহ।