শেষ দিনেই ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুল ইসলাম, আবুল হাসান, আবু জায়েদ—এই তিন পেসারের দাপটেই প্রথম ইনিংসে ওয়ালটন মধ্যাঞ্চলকে ১৭৯ রানে অলআউট করেছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করে পূর্বাঞ্চলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন এই পেসার ত্রয়ী। ১২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা মধ্যাঞ্চল কাল ম্যাচের তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ২১৫ রান তুলে। ৯০ রানে এগিয়ে যাওয়া মধ্যাঞ্চল ১২৬ রানে হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। ওই ৪ উইকেট ভাগাভাগি করেছেন আবুল হাসান, কামরুল ও জায়েদ।
এর আগে উল্টো চিত্র ছিল পূর্বাঞ্চলের ইনিংসে। পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের ১০টি উইকেটই গেছে স্পিনারদের পকেটে। তৃতীয় দিনের শুরুতে মাত্র ১২.৩ ওভারেই ৪৪ রান তুলতেই শেষ ৫ উইকেট খুইয়ে ৩০৪ রানে অলআউট পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের ইলিয়াস সানি ১২৪ রানে নিয়েছেন ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এই নিয়ে তিনবার ইনিংসে ৭ উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার। বাদ বাকি ৩ উইকেটের দুটি নিয়েছেন অফ স্পিনার শরীফউল্লাহ, ১টি বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন। পূর্বাঞ্চলের ইনিংসে ফিফটি দুটি—অলক কাপালির ৬৭ ও তাসামুল হকের ৬০।
সংক্ষিপ্ত স্কোর: মধ্যাঞ্চল: ১৭৯ ও ২১৫/৫ (রকিবুল ৬৫, শামসুর ৪১, মেহরাব ৩৮*; হাসান ২/৫৩)। পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৩০৪ (অলক ৬৭, তাসামুল ৬০, সাদমান ৪৯, রাজিন ৪৪, আসিফ ৩৩; ইলিয়াস ৭/১২৪, শরীফউল্লাহ ২/৬৮)।