শেষ দিনেই মীমাংসা
৬ ম্যাচের ১১ ইনিংসে ২২৪ রান, একটি মাত্র ফিফটি। গত অক্টোবরে জাতীয় লিগে জোড়া সেঞ্চুরি করার পর অনেক দিন হাসেনি মার্শাল আইয়ুবের ব্যাট। বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলা সেই মার্শাল কাল আবার সেঞ্চুরি পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। কক্সবাজার একাডেমি মাঠে ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি তাঁর সতীর্থ জাবিদ হোসেন। তাঁদের দল ওয়ালটন মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৩২৯ রান তুলে ইনিংস ঘোষণা করে বিসিবি উত্তরাঞ্চলের সামনে বেঁধে দিয়েছে ৪২২ রানের লক্ষ্য। জবাবে ২২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে উত্তর।
মার্শাল ও জাবিদ দ্বিতীয় উইকেটে বিসিএলের রেকর্ড ২২৯ রান যোগ করেন। এই দুজনকেসহ ইনিংসের ৮৬তম ওভারে ৩ উইকেট নিয়েছেন উত্তরের ফরহাদ হোসেন। পরে আরও ২ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ২৩১ বলে ১৮ চার ও ২ ছয়ে ১৪১ রান করেছেন মার্শাল। ২৪২ বলে ১০ চারে ৯১ রান করে আউট জাবিদ।
শেখ কামাল স্টেডিয়ামে প্রথম ইনিংসের ১৪৫ রানের ঘাটতি পুষিয়ে ৫৯ রানে এগিয়ে গেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২০৪ রান তুলেছে দলটি। পঞ্চম উইকেটে ৭৫ রান যোগ করে অপরাজিত আছেন এনামুল হক (৮৪*) ও তাইবুর রহমান (৫২*)। এর আগে ৪০৭ রানে অলআউট হয় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। সেঞ্চুরি পেয়েছেন আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা জাকির হাসান। ১০ চার ও ৪ ছয়ে ১৮৮ বলে ১২৮ রানে অপরাজিত ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান। ৫ উইকেটেই ৩৮৯ রান তুলে ফেলা দলটি অলআউট আর মাত্র ১৮ রান যোগ হতেই।