শেষ দিনের চাওয়া
পি সারা ওভালে কত রান তাড়া করে জেতার রেকর্ড আছে—গতকাল বাংলাদেশের কাছে এটি নিশ্চয়ই গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ দিন শেষে ২ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কা এগিয়ে আছে ১৩৯ রানে। লিডটা নিশ্চয়ই আরও বাড়িয়ে নিতে চাইবে স্বাগতিকেরা। আর বাংলাদেশের চেষ্টা থাকবে লিডটাকে বেশি বাড়তে না দেওয়ার।
বাংলাদেশ দলে নিশ্চয়ই এ নিয়ে জল্পনাকল্পনা চলছে। আসলে লিডটা কত রানের মধ্যে আটকে রাখতে পারলে খুশি বাংলাদেশ? চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মোসাদ্দেক হোসেন আশা করেন শ্রীলঙ্কাকে অল্পতেই বেঁধে রাখতে পারবেন, ‘ওদের রান (লিড) এখনো খুব বেশি হয়নি। ১৪০-এর মতো হয়েছে। আমরা চেষ্টা করব ওদের লিড ১৬০-এর মধ্য বেঁধে রাখতে। সেটি হলে আমাদের জন্য জেতা কঠিন হবে না।’
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিতে চাইছে দিলরুয়ান পেরেরা-সুরঙ্গা লাকমলের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি (৩০ রান)। বিশেষজ্ঞ কোনো ব্যাটসম্যান উইকেটে নেই বলেই আশাবাদী মোসাদ্দেক। লেজটুকু দ্রুতই মুড়ে দেওয়ার প্রত্যাশা তাঁর, ‘উইকেট যে খুব ভালো আছে তা নয়, খুব খারাপও নয়। বড় বিষয় হচ্ছে যারা ব্যাটিং করছে তারা বিশেষজ্ঞ ব্যাটসম্যান নয়। এটা আমাদের সুবিধা। ভালো জায়গায় বোলিং করলে ওরা দ্রুত অলআউট হয়ে যাবে।’
গতকাল প্রথম সেশনটা বাংলাদেশ নিজেদের করে নিতে পারেনি। এই সেশনে শ্রীলঙ্কা তুলেছে ৮৩ রান, বাংলাদেশ নিতে পেরেছে মাত্র একটি উইকেট। কিন্তু লাঞ্চের পরই দেখা গেছে অন্য বাংলাদেশকে। দ্বিতীয় সেশনে ৬২ রানে পড়েছে শ্রীলঙ্কার ৫ উইকেট। অধিনায়ক মুশফিকুর রহিম বাংলাদেশের সঞ্জীবনী সুধা ছিলেন বলে জানালেন মোসাদ্দেক, ‘অধিনায়ক বলছিলেন ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি। তাই যে কাজটা করছি সেটাই করে যেতে থাকি আমরা। ওই সময় একটা ব্রেক-থ্রু খুব দরকার ছিল। সেটা নিয়েই আমরা চিন্তা করছিলাম। ওই সময় একটা উইকেট পড়লে দ্রুত আরও দু-তিনটা পড়ে যায়। আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম। একটা উইকেট পড়ে যাওয়ার পর তো দেখেছেনই কী হয়!’