
জো বার্নস বলটি অন্যভাবেও খেলতে পারতেন, কিন্তু তাতেও বোধ হয় লাভ হতো না। এ যে ছিল জাদুকরি এক বল, একি আর খেলা যায়! লক্ষ্মণ সান্ডাকানের বলটি পিচ করল অফ স্টাম্পের অনেক বাইরে। এতটা বাইরের বলে কাট করতে চাওয়ায় দোষের কিছু নেই। কিন্তু অবিশ্বাস্য বাঁক নিয়ে বলটি লাগল মিডল স্টাম্পে! হতভম্ব বার্নস বোল্ড হয়ে ফিরলেন। আরেকটু উজ্জ্বল হলো শ্রীলঙ্কার জয়ের আশা।
পাল্লেকেলে টেস্টের চতুর্থ দিনের বিজ্ঞাপন হয়ে থাকল সান্ডাকানের ওই বলটি। অবশ্য খেলাই হয়েছে মাত্র ৪০.৪ ওভার। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেটে ৮৩ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য আজ আরও ১৮৫ রান করতে হবে তাদের। কাজটা সহজ নয়।
পরশুই ১৯৬ রানের লিড নিয়েছিল শ্রীলঙ্কা। কাল ১৩.৪ ওভার খেলেই রানটা আরও ৭১ বাড়িয়ে নিয়েছে তারা। তাতে কুশল মেন্ডিসের তেমন অবদান নেই। কাল মাত্র ৭ রান করতে পেরেছেন, ফিরেছেন ১৭৬ রানে। রঙ্গনা হেরাথের ৩৪ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসটাই শ্রীলঙ্কাকে পৌঁছে দেয় ৩৫৩ রানে।
তাতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। কিন্তু শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারে আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। উসমান খাজা ফেরেন ৩৩ রানে। ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা তখনই শেষ হয়ে যেতে পারত। উপমহাদেশে চতুর্থ ইনিংসে ২০০ রান তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একবারই।
তবু অস্ট্রেলিয়াকে ভালোই আশা দিচ্ছিলেন বার্নস ও অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু ৬৩ রানে সান্ডাকানের ওই বলটি ফিরিয়ে দেয় বার্নসকে। আরেকটি ধাক্কা থেকে বেঁচে গেছে অস্ট্রেলিয়া। মুখোমুখি হওয়া প্রথম বলেই অ্যাডাম ভোজেসের বিপক্ষে এলবিডব্লুর সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। সেটি পাল্টে দিয়েছেন টিভি আম্পায়ার।
এদিকে পরশু হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সিরিজ শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফের। তবে দলের প্রয়োজনে আজ তাঁকে ব্যাটিংয়ে নামতে হতেও পারে। সূত্র: টেন ক্রিকেট।