চা-বিরতির আগে সাদমানকে হারাল বাংলাদেশ

চা-বিরতির আগে সাদমানকে হারিয়েছে বাংলাদেশছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ওভার, ২৫ রান, শূন্য উইকেট। সে পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কার্ডটা ভালোই ছিল। তবে সাইমন হারমারের একটু নিচু হওয়া বলটা এরপর ভেদ করল সাদমান ইসলামের রক্ষণ, বাংলাদেশ প্রথম উইকেট হারাল তাতেই। সে উইকেটের পরই ডাকা হয়েছে চা-বিরতি। সাদমান আউট হয়েছেন ৩৩ বলে ৯ রান করে। আর প্রায় সাত বছর পর টেস্টে ফিরে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেলেন হারমার।

এর আগে দিনের প্রথম সেশনটা পুরোপুরি বাংলাদেশেরই ছিল। ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট ফেলে দিয়ে প্রতিপক্ষকে অল্পতেই বেঁধে ফেলার সুযোগ তৈরি হয়েছিল। টেম্বা বাভুমাকে শতরান করতে না দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার সংগ্রহটাকে সহনীয় পর্যায়ের রাখাই যেত। মধ্যাহ্ন বিরতির আগে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩১৪। দ্বিতীয় সেশনের শুরুতেই আরও একটি উইকেট নিলেও শেষ দুই জুটি হতাশাই হয়ে এসেছে বাংলাদেশের জন্য। অষ্টম উইকেট জুটিতে উইলিয়াম ও হারমার ৩৪ রান যোগ করেন। শেষ উইকেট জুটিতে হারমার অলিভিয়েরকে নিয়ে গড়েন ৩৫ রানের আরও একটি জুটি। এই দুই জুটিই বাংলাদেশকে হতাশায় ফেলে দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছেন ৩৬৭ রানের সংগ্রহ।

বাংলাদেশকে হতাশায় ফেলেছেন হারমার
ছবি: এএফপি

সকালের সেশনে বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করেছেন। ভালো লেংথ ও আঁটসাট লাইনে বোলিং করে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের রান তোলাটা কঠিনই করে দিয়েছিলেন। খালেদ আহমেদ ছিলেন দুর্দান্ত। তিনি দিনের ষষ্ঠ ওভারেই হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। প্রথমে কাইল ভেরেইনাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। ভেরেইনা রিভিউ নিলেও বাঁচতে পারেননি। পরের বলেই উইয়ান মুল্ডারকে গালিতে মাহমুদুল হাসানের দুর্দান্ত এক ক্যাচে পরিণত করেন। নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি ধরেন মাহমুদুল।

কাল প্রথম দিন শেষে ৫৩ রানে অপরাজিত ছিলেন টেম্বা বাভুমা। শুরুর ধাক্কা সামলে তিনিই দক্ষিণ আফ্রিকার ইনিংস নিয়ন্ত্রণ করেছিলেন। সপ্তম উইকেট জুটিতে কেশব মহারাজ ৫৩ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ প্রায় তিনশর দিকে নিয়ে যান। বাভুমাও এগিয়ে যাচ্ছিলেন শতরানের দিকে। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে শেষ পর্যন্ত ১৯০ বলে ৯৩ রান করে বোল্ড হন বাভুমা। অফ সাইডে খেলার জন্য জায়গা করতে চেয়েছিলেন বাভুমা। কিন্তু বল ব্যাট মিস করে ভেঙে দেয় তাঁর লেগ স্টাম্প।

খালেদ নিয়েছেন ৪ উইকেট
ছবি: এএফপি

বাভুমা ফেরার পরের বলেই ফেরেন ১৯ রান করা কেশব মহারাজ। ইবাদত হোসেনের বলে বোল্ড হন তিনি। এরপর লিজাড উইলিয়ামসকে প্রায় ফিরিয়েই দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ইবাদতের বলে আম্পায়ার উইলিয়ামসকে এলবিডব্লু ঘোষণা করলেও ডিআরএস নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছিল।

৮ উইকেটে ৩১৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। বিরতি থেকে ফেরার পর বাংলাদেশকে হতাশা উপহার দেন সিমন হার্মার। টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ৩৮ রান করেছেন তিনি আজ। সবচেয়ে বড় কথা শেষ দুই ব্যাটসম্যান উইলিয়ামস আর অলিভিয়েরকে সঙ্গে নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ সাড়ে তিনশ পার করান। উইলিয়ামসকে (১২) খালেদ নিজের চতুর্থ উইকেট বানালেও অলিভিয়ের টিকে ছিলেন হারমারের সঙ্গে। শেষ পর্যন্ত তিনি ১২ রানে মিরাজের বলে এলবিডব্লু হলে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

আজ খালেদই সেরা বোলার। ৯২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ইবাদত হোসেন ২ উইকেট নিয়েছেন ৮৬ রান দিয়ে। মেহেদী হাসান মিরাজের ঝুলিতে গেছে ৩ উইকেট। এই টেস্টে এখনো পর্যন্ত উইকেটশূন্য তাসকিন আহমেদ।