শেষ দেখছেন ভেট্টোরিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ভেট্টোরি
ড্যানিয়েল ভেট্টোরি

অনেকেই তাঁর টেস্ট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন আগেই। তবু তিনি লড়াই চালিয়ে গেছেন চোটের সঙ্গে। তবে শেষ পর্যন্ত পেরে না ওঠে ক্ষান্তি দিচ্ছেন লড়াইয়ে। বাস্তবতা উপলব্ধি করতে পারছেন নিজেও। ড্যানিয়েল ভেট্টোরি মেনেই নিয়েছেন, তাঁর টেস্ট ক্যারিয়ার একরকম শেষ!

টেস্ট ইতিহাসে ৩০০ উইকেট নেওয়া একমাত্র বাঁহাতি স্পিনার, রিচার্ড হ্যাডলির (৪৩১) পর নিউজিল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সফলতম বোলার (৩৬০)। ৬ সেঞ্চুরিতে ৪৫১৬ রান করে আবার দেশের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক। তবে ক্যারিয়ারের ১১২ টেস্টের সর্বশেষটি খেলেছেন সেই ২০১২ সালের জুলাইয়ে। দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন গত বছরের জুনে। এর পর থেকে কখনো অ্যাকিলিস, কখনো কাঁধ, কখনো বা পিঠের চোট। গত বছরের জুলাইয়ে ক্রাচে ভর দিয়ে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার খবর।

এবার হেরাল্ড অন সানডেকে জানালেন ক্যারিয়ারের সম্ভবত কঠিনতম উপলব্ধির কথা, ‘টেস্ট ক্রিকেট এখন আর আমার ভাবনার পুরোভাগে নেই। একটি টেস্টে যে পরিমাণ বোলিং করতে হয়, তা করতে পারার নিশ্চয়তা আমি দিতে পারছি না। তা ছাড়া ইশ (সোধি) ও মার্কের (ক্রেইগ) গড়ে ওঠার পথেও বাধা হয়ে দাঁড়াতে পারি না। নিশ্চিতভাবেই এটি (টেস্ট ক্রিকেট) আপাতত ভাবনায় নেই।’

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার এই দীর্ঘ সময়ে ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খুব বেশি পায়নি ভেট্টোরিকে। নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন গত মৌসুমে। চোটের কারণে আইপিএল খেলতে না-পারায় এবার ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অবশ্য জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন ১১টি ম্যাচ। হয়তো এই টুর্নামেন্ট খেলেই বুঝতে পেরেছেন, টেস্ট ক্রিকেটের ধকল এই ভঙ্গুর হয়ে যাওয়া শরীর আর নিতে পারবে না।

তবে সিপিএল পুরোটা ভালোভাবে উতরে যাওয়ায় রঙিন পোশাকে ফেরার আশা করছেন শিগগিরই। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকার আশা করছেন ৩৫ বছর বয়সী স্পিনার। ভাবনায় অবশ্যই দেশের মাটিতে আগামী বিশ্বকাপ, ‘এখন আমার লক্ষ্য বিশ্বকাপ। ক্যারিয়ারের এই পর্যায়ে টেস্ট ক্রিকেট শরীরকে একটু বেশিই ভোগাবে।’

এসব কথা বলার পর কেবল আনুষ্ঠানিক অবসরের ঘোষণাই বাকি থাকে। কিংবা আনুষ্ঠানিক ঘোষণারও আসলে প্রয়োজন নেই। চাইলে এবার ভেট্টোরির টেস্ট ক্যারিয়ারের এপিটাফ লিখেই ফেলা যায়! ক্রিকইনফো।