আইপিএল নিলামের প্রথম দিন সাকিব আল হাসানকে কেনেনি কোনো দলই। আজ দ্বিতীয় দিন তাঁর দল পাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু দ্বিতীয় দফা নিলামেও দল পেলেন না তিনি। এখনো সুযোগ আছে। যদি কোনো দল দ্বিতীয় দফা নিলাম শেষেও খেলোয়াড় কিনতে চায় এবং কেউ কোনো খেলোয়াড়ের নাম প্রস্তাব করে, তবে আবার নিলামে নাম ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। পাঁচটি দলের তহবিল এরই মধ্যে এর নিচে নেমে গেছে।
২০১১ সালে প্রথম আইপিএলে খেলেছিলেন সাকিব, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে। ২০১২ সালে টানা দ্বিতীয় মৌসুম খেলার পর ২০১৩ সালে তিনি চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচও। তবে কেকেআরের স্কোয়াডে ছিলেন। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত চার মৌসুম খেলার পর কেকেআর তাঁকে ছেড়ে দেয়।
২০১৮ ও ২০১৯ সালে তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। কেবল নিষিদ্ধ থাকার কারণে ২০২০ সালে আইপিএলে ছিলেন না বাংলাদেশের অলরাউন্ডার। ২০২১ সালে কলকাতায় আবারও ফেরেন তিনি। এবার নিলামেই কেউ কিনল না তাঁকে। নিলামে বিক্রি না হলেও খেলার সম্ভাবনা থাকে। কোনো ক্রিকেটার চোট বা অন্য কারণে আইপিএল খেলতে না পারলে তখন বদলি হিসেবে খেলতে পারেন সাকিব।
২০১১ থেকে এখনো পর্যন্ত আইপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে রান করেছেন ৭৯৩। বল হাতে উইকেট ৬৩টি। আইপিএলে কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জিতেছে সাকিবের দল। হায়দরাবাদের হয়ে একবার হয়েছেন রানার্সআপ (২০১৮)।
এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। প্রথম তিন ম্যাচে সেভাবে রানের দেখা পাননি। চতুর্থ ম্যাচ থেকে ফর্মে ফেরেন। সে ম্যাচে করেছিলেন ২৭ বলে ৪১। সাকিবের ব্যাট এরপর থেকে হাসছেই। সর্বশেষ পাঁচ ম্যাচে তাঁর পারফরম্যান্স এমন—৪১ রান ও ১০ রানে ২ উইকেট, ৫০ রান ও ২৩ রানে ৩ উইকেট, ৫০ রান ও ২০ রানে ২ উইকেট, ৩৮ রান ও ২৩ রানে ২ উইকেট এবং অপরাজিত ৫১ রান ও ২১ রানে ১ উইকেট।
সব মিলিয়ে সাকিব এবারের বিপিএলে ৯ ম্যাচে করেছেন ২৭৬ রান, ৩৪.৫০ গড়ে। রান তুলেছেন ১৪৬.৮০ স্ট্রাইক রেটে। আর বোলিংয়ে নিয়েছেন ১৫ উইকেট, ১১.৭৩ গড়ে। ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৪.৯৫ করে রান। সর্বোচ্চ রান-সংগ্রাহকের তালিকায় সাকিব আছেন চার নম্বরে, উইকেটশিকারির তালিকায় আছেন তিনে।
এমন ফর্মের পরেও আইপিএলে দলই পেলেন না সাকিব!