শেষ পর্যন্ত চলেই গেলেন রশিদ খানদের সতীর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল আফগানি ব্যাটসম্যান নজিবউল্লাহ তারাকাইয়ের। গত বছর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। গাড়ি দুর্ঘটনায় সেই নজিবউল্লাহই প্রাণ হারিয়ে এখন পরপারে।

আফগানিস্তানের নাঙ্গারহারের পশ্চিমে একটি মুদিখানা দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন নজিবউল্লাহ। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়ার পর নিবিড় পরিচর্যায় রাখা হয়। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করা হয় তাঁর। অস্ত্রোপচারের পরেও তাঁর শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তাঁকে নিয়ে শঙ্কিত ছিলেন সবাই।

নজিবউল্লাহ তারাকাই।
ছবি: এএফপি

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হয়ে গেল। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চলে গেলেন তিনি। নজিবউল্লাহ মারা যাওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিশ্চিত করেছে খবরটা, ‘দেশের আক্রমণাত্মক ওপেনার ও অসাধারণ এক মানুষ নজিব তারাকাইয়ের মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড দেশটার ক্রিকেটপাগল জাতি শোকে মুহ্যমান। ২৯ বছর বয়সী এই তারকা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আমাদের সবাইকে চমকে দিয়ে। আল্লাহপাক যেন তাঁর রহমত বর্ষণ করেন নজিবের ওপর।’

২৯ বছর বয়সী এ ওপেনার ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নজিবের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন আফগান তারকা মোহাম্মদ নবীও, ‘জেনে অনেক কষ্ট লাগছে যে আমাদের বন্ধু ও অনেক ভালো একজন ক্রিকেটার নজিব তারাকাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। ওকে হারিয়ে আমরা সবাই শোকস্তব্ধ, কী বলব বুঝতে পারছি না। ওর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সহমর্মিতা। ওর আত্মার চিরশান্তি কামনা করছি।’