শেষ পর্যন্ত ড্র-ই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দিনের শেষে ম্যাড়মেড়ে ড্র-ই যে টেস্টের নিয়তি মনে হচ্ছিল, পঞ্চম দিন হঠাৎ করেই তা যেন প্রাণ পেয়ে গেল! যে উইকেটে আগের চার দিন রানের বন্যা বয়ে গেছে সেখানেই পঞ্চম দিন হঠাৎ করে ইংল্যান্ডের উইকেট পড়তে থাকল টপাটপ। তবে ১৫৯ রান তুলতে ৬ উইকেট চলে যাওয়ার পরই বোধ হয় প্রকৃতির মনে হলো, এ টেস্টে তো তারও ভূমিকা থাকা উচিত। কেপটাউনের নিউল্যান্ডসেও তাই হঠাৎই কালো মেঘের ঘনঘটা।
শেষ পর্যন্ত আলোকস্বল্পতাতেই প্রায় ৩০ ওভার বাকি থাকতে বন্ধ করে দেওয়া হলো দিনের খেলা। অনুমিত ড্র-ই হলো কেপটাউনের ফল।
আগের দিনের বিনা উইকেটে ১৬ রানে খেলতে নেমে কাল লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড, লাঞ্চের পর ১১ ওভারের মধ্যে আরও ২টি। ইংল্যান্ড তখন ৬ উইকেটে ১১৬। সব মিলিয়ে ১১৮ রানের লিড। দিনের খেলা ৫০ ওভারের মতো বাকি। কেপটাউনে দর্শকদের মধ্যে তখন রোমাঞ্চ—দক্ষিণ আফ্রিকা বাকি ৪টি উইকেটও যদি তাড়াতাড়ি নিয়ে নেয়, নাটকীয় কিছু হতেই পারে। কিন্তু জনি বেয়ারস্টো আর মঈন আলীর অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে সেই রোমাঞ্চ অনেকটাই উবে গেল। বাকি যেটুকু ছিল তাতে নিভিয়ে দিল কেপটাউনে হঠাৎ ঘনিয়ে আসা অন্ধকার! ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৬২৯/৬ ডি. ও ৬৫ ওভারে ১৫৯/৬ (বেয়ারস্টো ৩০*, রুট ২৯, টেলর ২৭, স্টোকস ২৬; পিট ৩/৩৮, মরিস ১/২৪)। দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬২৭/৭ ডি.। ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস।