শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বোঝাল পার্থক্যটা

কিছুটা লড়াই করলেন বাংলাদেশের বোলাররাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৪ রানের সম্বল নিয়ে লড়া যায় না। প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, তখন কাজটা আরও কঠিন। তবে তাসকিন আহমেদ বল হাতে লড়েছেন, লড়েছেন মেহেদী হাসান, নাসুম আহমেদরাও। ৪ উইকেট ফেলে কুইন্টন ডি কক, এইডেন মার্করামদের জয়টাকে একটু দেরি করিয়েছেন তাঁরা। জয়ের জন্য ৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৬ উইকেটে।

তাসকিন ভালো বোলিং করেছেন, আক্ষরিক অর্থেই তাঁর বল খেলতে গিয়ে সংগ্রাম করেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। গতির সঙ্গে উইকেট থেকে পাওয়া সহায়তাকে দারুণভাবেই কাজে লাগিয়েছেন এই পেসার। প্রথম ওভারেই রিজা হেন্ডরিকসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি শুরুতেই। স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তখন মাত্র ৬।

ডি কককে দ্রুতই ফিরিয়েছিল বাংলাদেশ
ছবি: এএফপি

শুরুতেই উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ছিল নির্ভার। লক্ষ্যটা যে নাগালের মধ্যেই ছিল তাঁদের। কিন্তু তাসকিনের বোলিং তাদের ভাবিয়েছে। তবে তাদের ইনিংস অবশ্য আরও একটা জিনিস প্রমাণ করেছে—আবুধাবির উইকেট আজ ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। তবে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পার্থক্য একটা জায়গাতেই—কঠিন পরিস্থিতিতেও তারা নিজেদের মানিয়ে নিয়ে, খেলাটাকে এদিক-ওদিক করে ম্যাচ নিজেদের পক্ষে টানতে পারে। বাংলাদেশ যেটা পারে না।

আবুধাবির উইকেট কঠিন ছিল। কিন্তু নাঈম, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহরা নিজেদেরকে এর সঙ্গে মানিয়ে নিতে পারেননি। সেটি হতেই পারে, কিন্তু তাদের আত্মসমর্পণগুলো ছিল দৃষ্টিকটু। দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে ৩ উইকেট হারালেও মেহেদী, নাসুমদের বলে মাথা ঠান্ডা রেখেই ম্যাচটা বের করে নিয়ে গেছেন।

তাসকিন ভালো বোলিং করেছেন
ছবি: এএফপি

হেন্ডরিকসের ফেরার পর দলীয় ২৮ রানের মাথায় মেহেদীর বলে বোল্ড হন কুইন্টন ডি কক। ৩৩ রানে যখন মার্করামকে তাসকিন নাঈমের ক্যাচে ফেরান, তখন আবুধাবির মাঠে বাংলাদেশের সমর্থকদের মনে আক্ষেপ জন্ম নিতেই পারে—মুশফিক, মাহমুদউল্লাহরা যদি একটু বুক চিতিয়ে লড়তে পারতেন। দলের রানটাকে যদি ১৩০-১৪০ এর ঘরে নিতে পারতেন!

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা বুক চিতিয়েই লড়লেন। দলের বিপদের মধ্যে একেবারে অধিনায়কোচিত ইনিংস। রেসি ফন ডার ডুসেনকে সঙ্গে নিয়ে গড়লেন ৪৩ বলে ৪৭ রানের জুটি। বিপদ কেটে গেল। শঙ্কায় কাঁপা দলটিই শেষ অবধি জয়টা তুলে নিল অনায়াসেই। বাভুমা ২৮ বলে দুটি চার ও এক ছক্কায় খেললেন ৩১ রানের ইনিংস। ডুসেন ২৭ বলে ২২—তিনি অবশ্য জয়ের খুব কাছ দাঁড়িয়ে নাসুমের বলে শরীফুলকে ক্যাচ দিয়ে ফেরেন। মিড অন থেকে দৌঁড়ে গিয়ে লং অনে শরীফুল যে ক্যাচটি নিলেন—সেটির প্রশংসা করতেই হবে।