শেষ পর্যন্ত পাকিস্তান যাচ্ছে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত পাকিস্তানকে ‘হ্যাঁ’ বলল জিম্বাবুয়ে। টানা তিন দিন দ্বিধাদ্বন্দ্বে ভোগার পর কাল জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) নিশ্চিত করেছে সফর। সরকার ও দেশের ক্রীড়া ও বিনোদন কমিশনের (এসআরসি) সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পরই সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেডসি। জিম্বাবুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ও এসআরসি শেষ পর্যন্তও সফরের বিরুদ্ধে ছিল। কোনো ক্ষতি হলে সব দায় নিজেদের—এই মুচলেকা দিয়েই জেডসি সম্মতি আদায় করেছে।
নিরাপত্তা নিয়ে অবশ্য অসন্তুষ্টি নেই জিম্বাবুয়ে ক্রিকেটের। কিন্তু ওই নিরাপত্তাশঙ্কাতেই পাকিস্তানে ম্যাচ অফিশিয়াল পাঠাচ্ছে না আইসিসি। নিজেদের নিরাপত্তা পরামর্শকদের প্রতিবেদনের ভিত্তিতেই কাল আইসিসি এই ঘোষণা দিয়েছে। তবে আইসিসি আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে, পিসিবি নিজস্ব ব্যবস্থাপনাতেই আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ দিতে পারবে।
পিসিবি ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতেও দেরি করেনি। সিরিজ নিশ্চিত হওয়ার পর কাল সাত ম্যাচ অফিশিয়ালের নামও ঘোষণা করেছে, যাঁদের মধ্যে আছেন জিম্বাবুয়ের রাসেল টিফিনও। স্থানীয় ছয়জনের একজন আহসান রাজা ২০০৯ সালে শ্রীলঙ্কা
দলের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মাস খানেক হাসপাতালে ছিলেন।
জিম্বাবুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিতেই এসআরসি সফরের অনুমতি দিতে চায়নি। ক্রিকেটারদের বাধ্য করা যাবে না পাকিস্তান সফরে—এই শর্তেই শেষ পর্যন্ত জেডসি অনুমতি পেয়েছে। আমি নিজ দায়িত্বে যাচ্ছি—এই মুচলেকা দিয়েই পাকিস্তানে আসতে হচ্ছে খেলোয়াড়দের।
সফরে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল বেশ কজন ক্রিকেটারের। কয়েকজন তো দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনাও করেছিলেন। তবে এ রকম সিদ্ধান্তে ভবিষ্যতে সমস্যা হতে পারে, শঙ্কায় পড়ে যেতে পারে ক্যারিয়ার—এই আশঙ্কাতেই শেষ পর্যন্ত সবাই রাজি হয়েছেন পাকিস্তানে যেতে। ২২ মে শুরু সফরের জন্য ২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডের সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জেডসি।
শেষ মুহূর্তে কোনো গড়বড় না হলে জিম্বাবুয়ে হবে গত ছয় বছরের মধ্যে পাকিস্তান সফর করা প্রথম টেস্ট খেলুড়ে দেশ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত পাকিস্তানে। এবার জিম্বাবুয়ে দলকে ভিআইপি নিরাপত্তা দেবে পাকিস্তান। ক্রিকেটারদের সশস্ত্র প্রহরায় নেওয়া হবে হোটেল থেকে মাঠে। আকাশে থাকবে হেলিকপ্টার। গাদ্দাফি স্টেডিয়ামের আশপাশে থাকবে ৬ হাজার পুলিশ ও কমান্ডো। সফরের পুরো সময়টায় আশপাশের দোকানপাট বন্ধ রাখার নির্দেশও দিয়েছে পিসিবি। ক্রিকইনফো, দ্য ডন।