শেষ পর্যন্ত পুনর্বিবেচনার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুবই ব্যতিক্রম কিছু ঘটার আশাটা মিলিয়ে যাচ্ছে। আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগেও কাল পর্যন্ত তাসকিন আহমেদের বোলিং নিষেধাজ্ঞা নিয়ে কোনো সুখবর আসেনি। জাতীয় দলের এই পেসারকে ফেরাতে তাই এবার নিয়মতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছে বিসিবি। কাল বিকেলে আইসিসির কাছে তাসকিনের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে। বিসিবির আইনজীবীদের মাধ্যমে পাঠানো হলেও নিয়ম অনুযায়ী পুনর্বিবেচনার আবেদনটি করতে হয়েছে তাসকিনকেই।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল সন্ধ্যায় মুঠোফোনে জানিয়েছেন, ‘আইসিসিতে তাসকিনের রিভিউ পিটিশন পাঠানো হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে কিছু একটা জানতে পারব।’ আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন-সংক্রান্ত নীতিমালার ২.৩.১ ধারা অনুযায়ী করা হয়েছে এই আবেদন।
এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুনানি। তাসকিনের হয়ে বিসিবির আইনজীবীদের সঙ্গে শুনানিতে অংশ নিতে পারবেন জাতীয় দলের কোচ-বোলিং কোচও। ওদিকে থাকবেন আইসিসির আইনজীবীরা। শুনানির জন্য সবাইকে সশরীরে কোথাও উপস্থিত হতে হবে, এমন কোনো কথা নেই। এটা টেলিকনফারেন্সেও হতে পারে। তবে শুনানি শেষ হতে কয়টি টেলিকনফারেন্স লাগবে বা কত দিন লাগবে, তা বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাও নিশ্চিত করে বলতে পারছেন না, ‘শুনানিতে সব বিষয়েই আমাদের কিছু বলার থাকবে, তাদেরও হয়তো কিছু বলার থাকবে। দুই পক্ষের যুক্তিতর্ক হবে। এসবের ফলাফলের ওপর নির্ভর করবে কত তাড়াতাড়ি জিনিসটা শেষ হয় এবং সেটার ওপর নির্ভর করবে তাসকিন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারবে কি না।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের আবার বল হাতে নেওয়াটা তাই শুধু অনিশ্চিতই নয়, হয়তো অসম্ভবও। নিজাম উদ্দিন চৌধুরী তবু একটা আশা দেখাতে চাইলেন, ‘এসব ক্ষেত্রে অনেক সময় একটা শুনানিতেই সমস্যার সমাধান হয়ে যায়। আমরা এখনই আশা ছাড়ছি না।’ প্রক্রিয়াটি দ্রুততর সময়ে শেষ করার জন্য আইসিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তাসকিনকে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাঠানোর প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করেই জানানো হয়েছে রিভিউর আবেদন। বিসিবির দাবি, পরীক্ষায় পাঠানোর আগে যে যে ধাপগুলো অনুসরণ করা উচিত ছিল, সেগুলো করা হয়নি তাসকিনের ক্ষেত্রে। তবে চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারের পরীক্ষা নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাহী, ‘পরীক্ষাপদ্ধতি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। ফলাফলের ব্যাপারেও কোনো আপত্তি নেই। এটি পুরোপুরি বিজ্ঞানভিত্তিক এবং এর প্রতি আমাদের শ্রদ্ধা আছে।’ জানা গেছে, চেন্নাইয়ের পরীক্ষায় তাসকিনের যে তিনটি বলের অ্যাকশন অবৈধ বলে চিহ্নিত হয়েছে সেগুলোয় তাঁর কনুই সর্বোচ্চ ১৭ ডিগ্রি পর্যন্ত বাঁকা হয়েছে।
নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশ অবৈধ ঘোষণার এক সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে হয়। তবে সময় বাঁচাতে বিসিবি প্রথমে চেষ্টা করেছিল অন্যভাবে এর সমাধান করতে। পুনর্বিবেচনা বা পুনর্বাসন ও পুনঃপরীক্ষার প্রথাগত পথে না গিয়ে বিশেষ ব্যবস্থায় অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান চেয়েছিল তারা। সে লক্ষ্যেই বোর্ড সভাপতি নাজমুল হাসান গত পরশু আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাসকিনের বোলিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। বিসিবির আশা ছিল আইসিসি ইতিবাচক সাড়া দেবে। সেটা হলে তা বড় এক ব্যতিক্রমই হতো। কিন্তু সেটি শেষ পর্যন্ত ঘটল না। সে জন্যই কাল পুনর্বিবেচনার আবেদন করা। যদিও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যাখ্যা, ‘নিয়মের মধ্যে যে সুযোগগুলো আছে, আমরা তার সবই কাজে লাগানোর চেষ্টা করছি। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েই আমরা এগোচ্ছি।’
তাসকিনকে দ্রুত বোলিংয়ে ফেরাতে না পারলেও তাঁর নিষেধাজ্ঞা নিয়ে সোচ্চার অবস্থানের অন্তত একটা ইতিবাচক দিক দেখছে বিসিবি। আইসিসির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ থেকে তাদের উপলব্ধি—অবৈধ অ্যাকশনের দায় নিয়ে খুব বেশি দিন মাঠের বাইরে থাকতে হবে না বাংলাদেশ দলের এই পেসারকে।