শেষ পর্যন্ত সহজেই জিতল কিউইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরকার্ড বলবে আয়ারল্যান্ড ৫১ রানে হেরেছে। কিন্তু তাতে কি আর পুরোটা বলা হয়? বড় ব্যবধানে হারলেও কাল ত্রিদেশীয় সিরিজের ম্যাচটাতে যে অনেকটা সময় পর্যন্ত লড়ে গেছে আইরিশরা।

২৯০ রানের লক্ষ্যে নেমে নিয়াল ও’ব্রায়েনের দুর্দান্ত সেঞ্চুরিতে হয়তো অঘটনের স্বপ্নও দেখছিল আইরিশরা। একটা সময় ৫ উইকেটে ২১২ রানও করে ফেলেছিল, তখনো হাতে ছিল ৬৮ বল। আর ও’ব্রায়েন তো ছিলেনই। শেষ পর্যন্ত ১৩১ বলে ১০৯ রান করেছেন, যাতে চার ৯টি, ছক্কা ৫টি। কিন্তু জয়ের কাছাকাছিও আর দলকে টেনে নিয়ে যেতে পারলেন না। অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন ফিরছেন, দলের রান ২৩৫। আয়ারল্যান্ডও ২৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ম্যাচটা হারল বড় ব্যবধানে।

এর আগে চারটি ৫০ রানের জুটিতেই ৩০০ রানের কাছাকাছি চলে যায় নিউজিল্যান্ড। একটু মন্থরও ছিল উইকেট। প্রথম ১০ ওভারে ৫৭ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। শেষ দিকে অবশ্য সেই ঘাটতি পুষিয়ে ৫০ ওভারে ৭ উইকেটে তুলেছে ২৮৯ রান। 

রনকি-ল্যাথাম ওপেনিং জুটিতে আসে ৫৩ রান। কিন্তু তিন রানের মধ্যে দুই ওপেনারকেই আউট করে ধাক্কা দেন বেরি ম্যাকার্থি। তৃতীয় ওয়ানডে খেলতে নামা জর্জ ওয়ার্কার পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। ফিফটি করেছেন অভিজ্ঞ রস টেলর (৫২) ও নিল ব্রুমও (৭৯)। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েছেন ওয়ার্কার ও টেলর। চতুর্থ উইকেটে ওয়ার্কার আর ব্রুমের জুটিটি ছিল ৫৫ রানের। আর পঞ্চম উইকেটে ব্রুম ও জিমি নিশাম তুলেছেন ৭৯ রান। শেষ ১০ ওভারে ৩ উইকেট হারালেও ৮৭ রান তুলে নেয় নিউজিল্যান্ড।