শেষ পর্যন্ত সিএ-এসিএর সন্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক কাঠামো নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পঙ্গু হতে বসা অস্ট্রেলিয়ার ক্রিকেট শিগগিরই হয়তো সুখবর পাচ্ছে। দীর্ঘ নয় মাস ধরে চলা বিরোধের পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) আর্থিক কাঠামো নিয়ে নতুন চুক্তির খুব কাছে চলে এসেছে। এই খবরে নড়েচড়ে বসতে পারেন বাংলাদেশের ক্রিকেটামোদীরাও। অস্ট্রেলীয় ক্রিকেটারদের মাঠে ফেরা মানেই যে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিশ্চিত হয়ে যাওয়া।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে চুক্তিটা হয়ে যেতে পারে আজই। তবে সিএ ও এসিএ দুই পক্ষই কাল বলে দিয়েছে আজই চুক্তি হবে এমনটা বলার ‘সময় এখনো আসেনি’। মেলবোর্নে গতকাল প্রায় সারা দিন আলোচনা করেছে দুই পক্ষ। এর আগে রোববারের আলোচনা শেষ হতে হতে মাঝরাত পেরিয়ে যায়।

কাল সন্ধ্যায় নিউজ কর্প অস্ট্রেলিয়া জানায়, মূল যেসব বিষয় নিয়ে মতপার্থক্য ছিল তাতে ঐকমত্যে পৌঁছেছে বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলছেন সংবাদমাধ্যমের জল্পনা-কল্পনার অংশ হতে চান না তাঁরা, ‘এসিএর সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। তবে আলোচনার খুঁটিনাটি নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। মন্তব্য করব না সংবাদমাধ্যমের জল্পনা-কল্পনা নিয়েও।’

এসিএর এক মুখপাত্র দুই পক্ষের মতৈক্যে পৌঁছানোর খবরকে ‘অপরিপক্ব’ বলে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আলোচনার টেবিলে সমঝোতা হলে নতুন চুক্তির খসড়া উঠবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালক পর্ষদে। নয় সদস্যের পরিচালক পর্ষদের অনুমোদন পেলে তবেই চূড়ান্ত হবে সবকিছু। এর আগে গত বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছিলেন এই সপ্তাহে সমঝোতা না হলে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর সাহায্য চাইবে সিএ। মধ্যস্থতাকারী ‘আম্পায়ারের’ যেকোনো সিদ্ধান্তই মেনে নেওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন সাদারল্যান্ড। সালিসের আগেই যাতে সমঝোতায় পৌঁছানো যায় সেদিকেই লক্ষ্য দুই পক্ষের।

বাংলাদেশের সফরের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট থেকে ডারউইনে অনুশীলনে যোগ দেওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। তবে সমঝোতা না হলে ক্রিকেটাররা ১৮ আগস্ট বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়বেন কি না, সেটাই বড় প্রশ্ন। এর আগে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের ক্রিকেটাররা বাতিল করেছেন দক্ষিণ আফ্রিকা সফর। তথ্যসূত্র: রয়টার্স, ক্রিকেট অস্ট্রেলিয়া, সিডনি মর্নিং হেরাল্ড।