শেষ বললেন হেনরি ব্লোফেল্ড

১০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড তখন ১ উইকেটে ৮৮। আরও একটা ওভার শেষ হয়েছে মাত্র। হঠাৎই লর্ডসের গ্যালারিতে দীর্ঘ করতালি।
এমনিতে ক্রিকেটের তীর্থস্থান লর্ডসের গ্যালারি আবেগ-টাবেগ প্রকাশের বেলায় খুব ‘রক্ষণশীল’। ভদ্রতা আর সৌজন্যবোধের এত ‘বাড়াবাড়ি’ যে, উচ্ছ্বাস আর হতাশার প্রকাশ হয় খুব মেপে মেপে। সেখানে হঠাৎ এত লম্বা সময় ধরে করতালির কারণটা কী?
কারণ হেনরি ব্লোফেল্ড। ওই ওভার দিয়েই যিনি ইতি টেনেছেন দীর্ঘ ৪৫ বছরের ধারাভাষ্য ক্যারিয়ারের। যাঁর কণ্ঠস্বর বিবিসি রেডিওর টেস্ট ম্যাচ স্পেশাল (টিএমএস) অনুষ্ঠানটাকে দিয়েছিল অন্য মাত্রা। দীর্ঘ ক্যারিয়ারে যিনি নিজেও হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীদের খুবই আপনজন।
এ প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের কাছে নামটা খুব চেনা মনে না-ও হতে পারে। কিন্তু সত্তর থেকে শুরু করে পরের তিন দশকে ক্রিকেটপ্রেমীরা বেড়ে উঠেছেন ব্লোফেল্ডের ধারাভাষ্য শুনে শুনে। জাদুকরি কণ্ঠস্বর ও অসাধারণ বিশ্লেষণক্ষমতা ছিলই, ব্লোফেল্ডের বর্ণনায় না দেখেও যেন দেখা হয়ে যেত পুরো টেস্ট ম্যাচই। চোখের সামনেই ভেসে উঠত মাঠে বসে থাকা কবুতর, স্টেডিয়ামের পাশ দিয়ে চলতে থাকে লন্ডন সিটি বাস কিংবা গ্যালারিতে কোনো তরুণীর মিষ্টি হাসি! নব্বই দশকে শারজায় ভারত-পাকিস্তান ম্যাচে নিয়মিত ধারাভাষ্য দিতেন। গ্যালারিতে কোনো মেয়ের কানে লম্বা দুল দেখলেই বলতেন, ‘নাইস ইয়ারিং’। বিখ্যাত হয়ে গিয়েছিল কথাটা।
নিজেই ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু এলটন কলেজের শেষ বর্ষে পড়ার সময় এক দুর্ঘটনায় সেই স্বপ্ন ভেঙে যায় ব্লোফেল্ডের। সাইকেল চালাতে গিয়ে বাসার ধাক্কায় আহত হয়ে কোমায় থাকতে হয় ২৮ দিন!
এলটন কলেজেই পড়তেন তাঁর বাবা টমাস রবার্টও। ওই কলেজে যাঁর সমসাময়িক ছিলেন কালজয়ী চরিত্র ‘জেমস বন্ডে’র স্রষ্টা ইয়ান ফ্লেমিংও। ফ্লেমিংয়ের ‘বন্ড’ উপন্যাসগুলোর বিখ্যাত খলনায়ক ‘আর্নেস্ট স্টাভ্রো ব্লোফেল্ড’কে টমাসের এত পছন্দ ছিল যে, ওই চরিত্রের নামটাকেই নিজের পারিবারিক নাম বানিয়ে হয়ে গেলেন টমাস রবার্ট ব্লোফেল্ড। এমন বাবার সন্তান তো একটু আলাদা হবেনই।
ক্রিকেটার না হতে পারলেও ক্রিকেট ছাড়েননি হেনরি ব্লোফেল্ড। তিন বছর ব্যাংকে চাকরি করার পর ষাটের দশকের মাঝামাঝি শুরু করেন ক্রিকেট ধারাভাষ্য। মূলত রেডিও ধারাভাষ্যকার হলেও কাজ করেছেন টেলিভিশনেও। লিখতেন পত্রিকায়, ক্রিকেট নিয়ে তাঁর অনেকগুলো বইও আছে। তবে সব ছাপিয়ে বিবিসি রেডিওর টিএমএস দিয়েই তাঁকে মনে রাখবে ক্রিকেট-বিশ্ব। যখন ধারাভাষ্য ছেড়ে দিচ্ছেন, তখনো তিনি বলতে গেলে অপ্রতিদ্বন্দ্বী। তবু কেন বিদায় বলে দেওয়া? সম্ভবত বয়সজনিত ধকলটাই নিতে পারছিলেন না। লর্ডস টেস্ট শুরুর আগেই ব্লোফেল্ড বলেছিলেন, ‘সামনের সপ্তাহে আমার বয়স ৭৮ হবে...নাকি এর পরের সপ্তাহে? এই বয়সে কোনো কিছুই ভালোর দিকে যায় না।’
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের এই টেস্ট দিয়েই অবসর নেওয়ার কথাও আগেই বলে রেখেছিলেন। শেষবারের মতো ধারাভাষ্য দিয়ে বিদায়ের সময় বিবিসিতেই বলেছেন, ‘এই লম্বা সময়ের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা বলছেন যে, আমাকে মিস করবেন। আমিও কিন্তু আপনাদের ভীষণভাবে মিস করব।’
তবে ধারাভাষ্যকার ব্লোফেল্ডকে না পেলেও ক্রিকেটপ্রেমীরা কিন্তু লেখক ব্লোফেল্ডকে ঠিকই পাবেন। সামনের মাসেই প্রকাশিত হবে তাঁর নতুন বই ওভার অ্যান্ড আউট। নামটা শুনে অবশ্য মনে হচ্ছে, লেখক ব্লোফেল্ডের ওটাই শেষ বই হতে পারে! এএফপি।