শেষ বলে ছক্কায় টাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বল নয়, ব্যাট হাতে দলকে বাচালেন তাইজুল।  ফাইল ছবি
আজ বল নয়, ব্যাট হাতে দলকে বাচালেন তাইজুল। ফাইল ছবি

শেষ বিকেলে মাঠে পিনপতন নীরবতা। না, চারদিক জনশূন্য নয়, বরং উল্টো, হঠাৎই রং বদলে ফেলা ম্যাচ দেখতে আশপাশে খানিকটা ভিড় সৃষ্টি হয়েছিল। নখ কামড়াকামড়ি করা পরিস্থিতি তখনো মাঠে। কামরুল ইসলাম রাব্বির শেষ বলটির আগে বিকেএসপিতে আজ সময়ও যেন থেমে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। তারপর বল করলেন রাব্বি, এগিয়ে এসে ব্যাটও চালালেন তাইজুল। মাথার ওপর দিয়ে সোজা ছক্কা!
শেষ বলের রোমাঞ্চে এভাবেই দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন তাইজুল ইসলাম। একটি শটই তাঁকে বানিয়ে দিল ম্যাচের নায়ক। অথচ ১০ মিনিট আগেও ম্যাচের ফলাফল নিয়ে কোনো সন্দেহ ছিল না। ম্যাচ তো জিততেই চলেছে ভিক্টোরিয়া স্পোর্টিং। ১৬ বলে ২৫ রান দরকার, শেষ ভরসা মোশাররফ হোসেনও ফিরে গেছেন মাত্র। শেষ উইকেট কখন পড়বে তারই অপেক্ষা শুধু। কিন্তু তাইজুল ও আবু হায়দার হাল ছাড়লেন না। ম্যাচকে নিয়ে গেলেন শেষ ওভার পর্যন্ত। ৬ বলে দরকার ১৩ রান। প্রথম পাঁচ বলে ৬ রান। শেষ বলে জেতার জন্য দরকার ৭ রান, সে অবস্থায় তাইজুলের ওই শট।
অবশ্য শুধু এই ছক্কাই রোমাঞ্চ ছড়িয়েছে ভাবলে ভুল হবে। ৩১৫ রান তাড়া করতে নেমে ১২৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর তো ম্যাচ ঝিমিয়েই গিয়েছিল। অধিনায়ক মোশাররফ (৮৮) ও নাহিদুল ইসলামের (৫৭) ব্যাটিংই ম্যাচে ফিরিয়ে আনে রূপগঞ্জকে। তবে এই দুজনের বীরত্বও রূপগঞ্জকে হার থেকে বাঁচাতে পারছিল না। সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তাইজুল।

এর আগে আল আমিনের সেঞ্চুরি (১০২) ও ফজলে মাহমুদের ফিফটি (৭৩) ভিক্টোরিয়াকে ৩১৪ রানের বড় সংগ্রহ এনে দেয়। শেষ বলের ওই নাটকের আগে সেটিই যথেষ্ট মনে হচ্ছিল।