শেষ বলের ছক্কায় এভারেস্টে রোমাঞ্চকর টাই তামিমের দলের
আগের ম্যাচে করেছিলেন ১৩ বলে ১২ রান। এভারেস্ট প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে তামিম ইকবাল করলেন ১৬ বলে ১৪ রান। ব্যাটিং পারফরম্যান্সটা এখনো মনমতো না হলেও রোমাঞ্চকর এক ম্যাচের অংশ হলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। অধিনায়ক শারদ ভেসকরের মারা শেষ বলের ছক্কায় ললিতপুর প্যাট্রিয়টসের সঙ্গে ম্যাচটা টাই করেছে তামিমের দল ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্স। তবে আলোকস্বল্পতায় হতে পারেনি সুপার ওভার, ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
নেপাল পেসার রশীদ খান করতে এসেছিলেন ম্যাচের শেষ ওভার। সে ওভারে ভৈরহাওয়ার প্রয়োজন ছিল ১৮ রান। প্রথম ৩ বলে দুটি ডাবলসে এসেছিল ৪ রান, সঙ্গে কুশল মাল্লার উইকেট। তবে চতুর্থ বলে ছয় মারেন চারে ব্যাটিং করতে আসা উপুল থারাঙ্গা। পঞ্চম বলে থারাঙ্গা সিঙ্গেল নিলে শেষ বলে ভৈরহাওয়ার প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকে ছিলেন তখন পর্যন্ত কোনো বল না খেলা অধিনায়ক ভেসকর। তিনিই শেষ বলে ছয় মেরে এনে দেন রোমাঞ্চকর টাই। এ মৌসুমে এভারেস্ট প্রিমিয়ার লিগে প্রথম টাই এটা।
১৭৮ রান তাড়ায় এদিনও তামিমের ওপেনিং সঙ্গী ছিলেন প্রদীপ ঐরি। ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় ওভারে একটা করে চার মারেন তামিম। চতুর্থ ওভারে ঐরি ফিরে যাওয়ার পরের ওভার ফেরেন তামিমও। এর আগে মেরেছেন আরেকটা বাউন্ডারি। ঐরি ও তামিমের পর পাওয়ার প্লেতে রোহিত পদেলকেও হারায় ভৈরহাওয়া, ৬ ওভার শেষে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ৩৬ রান।
সেখান থেকে ভৈরহাওয়া ঘুরে দাঁড়ায় উপুল থারাঙ্গা ও আরিফ শেখের জুটিতে। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৮৪ রান। সমানসংখ্যক বলে ২৮ রান করে আরিফ ফেরার সময়ও অবশ্য ভৈরহাওয়ার প্রয়োজন ছিল ৩০ বলে ৬৫ রান। মাল্লার ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসে সে ব্যবধান কমলেও শেষ ওভারে ১৮ রানের বাধাটা ছিলই।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা ললিতপুর ২০ ওভারে ১৭৭ রান তোলে ৭ উইকেট হারিয়ে। দ্বিতীয় ওভারেই অধিনায়ক কুশল ভুর্তেলকে হারালেও আরেক ওপেনার সন্দুন বিরাক্কুরি খেলেছেন ৪১ বলে ৫৮ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে ওশাদা ফার্নান্ডোর সঙ্গে ৬৭ রানের পর তৃতীয় উইকেট জুটিতে সুন্দীপ জোরার সঙ্গে আরও ২৭ রান যোগ করে ফেরেন বিরাক্কুরি। এরপর জোরার ২৫ বলে ৩৮ রানের সঙ্গে আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসে ১৭৭ পর্যন্ত যায় ললিতপুর।
আগের দিন প্রতিপক্ষকে ৮৯ রানে অলআউট করলেও এদিন তামিমের দলের বোলারদের ভালো চ্যালেঞ্জের সামনেই পড়তে হয়েছে। ধাম্মিকা প্রসাদ আজ ১ উইকেট নিয়েছেন ৩০ রানে। ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪৭ রান গুনেছেন অবিনাশ বোহরা। এ ছাড়া কৃষ্ণা কার্কি ৩৪ রানে নিয়েছেন ১ উইকেট, ১ ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আরিফ।
লিগে ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে আছে তামিমের দল ভৈরহাওয়া। তাদের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ কাঠমান্ডু কিংস ইলেভেন।