শেষ বলের ছক্কায় টাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিয়াম প্লাঙ্কেট: শেষ বলে ছক্কা
লিয়াম প্লাঙ্কেট: শেষ বলে ছক্কা

নুয়ান প্রদীপ যেখানে ফেলতে চেয়েছিলেন, তার চেয়ে সামান্য একটু সামনে পড়ল বলটি। ওটুকুই যথেষ্ট ছিল লিয়াম প্লাঙ্কেটের জন্য। বলটি উড়িয়ে মারলেন লং অফে। ওই ছক্কাতেই ঘাম দিয়ে জ্বর ছাড়ল ইংল্যান্ডের, হারের মুখ থেকে ম্যাচটি হলো টাই।
অথচ আগের বলেই ম্যাচ জয়ের আনন্দ করে ফেলেছিলেন শ্রীলঙ্কান খেলোয়াড়েরা। ২ বলে ১০ রান প্রয়োজন, এ অবস্থায় প্রদীপের ইয়র্কারে বাউন্ডারি পেলেন না ক্রিস ওকস। তাতেই ম্যাচ জিতে গিয়েছি ভেবে নিয়েছিলেন ম্যাথুস-লাকমলরা। কিন্তু নাটকের শেষটুকু তো প্লাঙ্কেট জমিয়ে রেখেছিলেন শেষ বলের জন্য।
পরশু অবশ্য ইংল্যান্ড ইনিংসের শুরু থেকেই ছিল নাটকীয়তা। ২৮৬ তাড়া করতে নেমে ১৭ রানেই নেই টপ অর্ডারের তিনজন। ৮২ রানেই নেই ৬ উইকেট। ম্যাচ তো প্রায় হেরেই গিয়েছিল ইংল্যান্ড! জস বাটলার (৯৩) ও ওকসের (৯৫*) পাল্টা আক্রমণ শুরু হলো এরপরই। ২২০ রানে বাটলার ফিরলেও প্লাঙ্কেটকে (২২*) নিয়ে ম্যাচ শেষ করেই এসেছেন ওকস।
এর আগে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৩ ও সেকুগে প্রসন্নের ৫৯ রান শ্রীলঙ্কাকে এনে দিয়েছিল ২৮৬ রান। ২৮ বলের ঝড়ে বাউন্ডারি থেকেই ৫৬ রান করেছেন প্রসন্ন। ক্রিকইনফো।