শেষ বলের বাউন্ডারিতে প্রিমিয়ারে থাকল ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউন্ডারি মেরে দলকে জিতিয়েছেন—নাজমুস সাদাতের এমন উল্লাস তো হবেই। ছবি: প্রথম আলো
বাউন্ডারি মেরে দলকে জিতিয়েছেন—নাজমুস সাদাতের এমন উল্লাস তো হবেই। ছবি: প্রথম আলো
>
  •  বিকেএসপিতে সৌম্যর সেঞ্চুরিতে অগ্রণী ৪৯.১ ওভার সব কটি উইকেট হারিয়ে করে ৩৩৪
  •  স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ বলে চার মেরে ব্রাদার্স জিতে যায় ৪ উইকেটে
  •  ম্যাচসেরা হয়েছেন ১৫৪ রান কার অগ্রণীর সৌম্য

সৌম্য সরকারের চেষ্টা শেষ পর্যন্ত বৃথা গেল, বৃথা গেল তাঁর ১৫৪ রানের দুর্দান্ত ইনিংসটাও। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে অবনমন বাঁচানোর লড়াইয়ে বাঁহাতি ওপেনারের অসাধারণ ব্যাটিংয়ে ৩৩৪ রানের পাহাড় গড়েছিল অগ্রণী ব্যাংক। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ৪ উইকেট হাতে রেখে অগ্রণীর পাহাড় টপকে অবনমন বাঁচিয়েছে ব্রাদার্স।
১৮ বলে ব্রাদার্সের দরকার ছিল ২০ রান। হাতে ৬ উইকেট থাকা কোনো দলের কাছে এটি কঠিন কোনো সমীকরণ নয় নিশ্চয়ই। শেষ ওভারে সেটি নেমে এল ৯ রানে। অগ্রণী একটা সুযোগ পেল শেষ ওভারের দ্বিতীয় বলে, যখন ফিরে গেলেন ব্রাদার্সের থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যান দেবব্রত দাস। টি-টোয়েন্টির এই যুগে ৬ বলে ৯ রান কঠিন না হলেও প্রথম পাঁচ বলে বাউন্ডারি না আসায় শেষ বলে বাউন্ডারির প্রয়োজন হয়ে পড়ে ব্রাদার্সের। স্নায়ুকে জয় করে অগ্রণীর ভারতীয় বোলার রিশি ধাওয়ানকে বাউন্ডারি মেরে কঠিন কাজটাই করলেন নাজমুস সাদাত।
প্রতিপক্ষ যদি ৫০০ রানের লক্ষ্যও দেয়, সেটিও টপকে যেতে হবে—এই ব্রত নিয়েই যেন ব্যাটিং করতে নেমেছিল ব্রাদার্স! বড় লক্ষ্য তাড়া করতে নেমে টুকটুক ব্যাটিং চলবে না, সেটি জেনেই শুরু থেকেই অগ্রণীর বোলারদের পিটিয়ে দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ব্রাদার্সের দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক। উদ্বোধনী জুটিতে ৮২ বলে তোলা ১২১ রানের জুটিই পরের ব্যাটসম্যানদের জয়ের রাস্তাটা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে ১৩৭.৭৭ স্ট্রাইকরেটে মিজানের ৯ চার ও ২ ছয়ে ৪৫ বলে ৬২ রানের ইনিংসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শুরুতেই ব্রাদার্সকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে। ৭৭ বলে ৮৩ রান করা জুনায়েদের ব্যাটিংয়েও ছিল ওভারপ্রতি প্রায় দশ করে তোলার প্রয়াস।
মিজান-জুনায়েদ এতটাই আক্রমণাত্মক ছিলেন, পরে মাইশুকুর রহমান কিছুটা ধীরে এগোলেও সমস্যায় পড়তে হয়নি ব্রাদার্সকে। মাইশুকুর করেছেন ৯৫ বলে ৮২। চারে নামা দেবব্রত দাশ ৬২ বলে ৭৩ রান করে অবশ্য মাইশুকুরের ৮৬.৩১ স্ট্রাইকরেট কিছুটা পুষিয়ে দিয়েছেন। টপ অর্ডার দলকে জয়ের কাছে পৌঁছে দিলেও সেটিকে সুন্দর পরিণতি দিয়েছেন নাজমুস সাদাত—শেষ বলে বাউন্ডারি মেরে দলকে উপহার দিয়েছেন অসাধারণ এক জয়। আর বড় পুঁজিও এনে দিতে পারেনি ব্যাংকের জয়। সান্ত্বনা একটাই, সৌম্যর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।