শেষ মেনে নিয়েছেন ভোজেসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের পরও তাঁর টেস্ট গড়টা ছিল ‘ব্র্যাডম্যান-তুল্য’—৯৫.৫০! কমপক্ষে ২০ ইনিংস খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় এখনো তাঁর। তবে অ্যাডাম ভোজেস আর আগের অ্যাডাম ভোজেস নেই। সর্বশেষ পাঁচ টেস্টে একটি ফিফটিও নেই, ব্যাটিং গড়ও তাই ঝুপ করে নেমে গেছে ৬১.৮৭-এ!
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ফর্মটা যে খুব বাজে যাচ্ছে, তা পরিসংখ্যানেই স্পষ্ট। তার ওপর গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের পর শেফিল্ড শিল্ডে খেলার সময় বল মাথায় লেগে অচেতন হয়ে পড়েন। পড়তি ফর্ম ও অসুস্থতা মিলিয়ে এরপর থেকে আর দলেও ডাক পাচ্ছেন না। পাকিস্তানের সঙ্গে সিরিজে পাননি, ভারতের মাটিতে আগামী সিরিজেও নয়। আর যে ডাক পাবেন, সেই সম্ভাবনাও দেখেন না। বয়সও চলছে ৩৭। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষই দেখছেন ভোজেস।
ফেয়ারফক্স মিডিয়াকে ভোজেস বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমার দিন শেষ। সম্ভবত মেনে নিতেই হচ্ছে, আর দলে সুযোগ পাচ্ছি না আমি।’ মাত্র দেড় বছরে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার দায়টা নিজেই নিচ্ছেন, ‘সর্বশেষ কয়েকটি টেস্টে আমার পারফরম্যান্স যে ভালো নয়, সেটি বুঝতে পারছি। এর জন্য অবশ্য আর কেউ নয়, আমিই দায়ী।’
২০১৫ সালের জুনে টেস্ট অভিষেকই হয়েছিল ৩৫ বছর বয়সে। শুরুই করেছিলেন রেকর্ড দিয়ে। অভিষেকেই সেঞ্চুরি করা সবচেয়ে বেশি বয়সী ব্যাটসম্যান এখনো অ্যাডাম ভোজেসই। তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।