শেষ ম্যাচটা জিতে ফিরছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গিয়েছিল আগের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে। তাই শেষ ম্যাচে চাওয়া ছিল একটাই—দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে বাড়ি ফেরা। ইংল্যান্ডের সেই চাওয়া পূরণে আফগানিস্তান নয়, বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তাতেই কিছুক্ষণের জন্য গোমড়া হয়ে গিয়েছিল এউইন মরগানদের মুখ। শেষ পর্যন্ত অবশ্য একটু হলেও তাতে শুকনো হাসি ফুটেছে। সিডনিতে তিন দফা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ উইকেটে আফগানদের হারিয়েছে ইংল্যান্ড।
শুরুর বৃষ্টিতে ম্যাচটা কমিয়ে আনা হয়েছিল ৪৫ ওভারে। টসে হেরে ব্যাট করতে নামা আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে আবারও প্রবল বৃষ্টি। মোহাম্মদ নবীর দল তখন ব্যাট করছিল ৭ উইকেটে ১১১ রানে।
আগের ম্যাচগুলোয় ব্যর্থ দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড এদিন শুরুতেই ঝলমলে। তাঁরা বেশ চাপে ফেলে দিলেন আফগান ব্যাটসম্যানদের। ক্রিস জর্ডান আর রবি বোপারাও যোগ্য সঙ্গ দেওয়ায় ৬৫ রান তুলতেই ৫ উইকেট নেই আফগানদের। সেখান থেকে কিছুটা প্রতিরোধ শফিকুল্লাহর ব্যাটে। ৬৪ বলে দলীয় সর্বোচ্চ ৩০ রান তাঁর। ৩৬.২ ওভার পর বৃষ্টিতে খেলা আবারও বন্ধ। এরপর আর ব্যাট করার সুযোগ পায়নি আফগানিস্তান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১০১ রান।
অ্যালেক্স হেলস ও ইয়ান বেল উদ্বোধনী জুটিতে এল ৮৩ রান। জয়টা তখন ইংলিশদের হাতের মুঠোয়। হামিদ হাসানের বলে আফসার জাজাইকে ক্যাচ দিয়ে ৩৭ রান করে ফেরেন হেলস। জেমস টেলরকে সঙ্গে নিয়ে অপরাজিত থেকে রুটিন কাজটা এরপর সেরে নিয়েছেন বেল।
প্রাপ্তির খাতায় জয় মাত্র দুটি। প্রথম জয়টা আরেক সহযোগী সদস্য স্কটল্যান্ডের বিপক্ষে। বাকি চার ম্যাচেই হার। ‘এ’ গ্রুপে সাত দলে পঞ্চম হয়ে এই বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতোই কাটল ইংল্যান্ডের। তবে শেষ ম্যাচে আফগানদের কাছেও হারতে হয়নি, এটা ভেবে হয়তো স্বস্তি পেতে পারেন খাদে পড়ে যাওয়া মরগানরা! স্টার স্পোর্টস।