
‘তোমাদের আগে ব্যাটিং দিলাম!’
‘না, না, প্লিজ, তোমরাই আগে ব্যাটিং করো!’
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম ও সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের টসের সময় দুই অধিনায়কের এমন সংলাপই আপনি কল্পনা করতে পারেন। সিরিজের প্রথম তিন ম্যাচেই হেরেছিল আগে ব্যাট করা দল। শ্রীলঙ্কা প্রথমটিতে, পরের দুটিতে জিম্বাবুয়ে। কাল চতুর্থ ওয়ানডেতেও আগে ব্যাট করে হারল অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। আগে ব্যাট করে ঠিক ৩০০ রান তোলে লঙ্কানরা। বৃষ্টির বাধা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ের লক্ষ্য নামিয়ে আনে ৩১ ওভারে ২১৯। ক্রেগ আরভিনের ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংসে ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই সেটি পেরিয়ে গেল জিম্বাবুয়ে।|
অথচ লঙ্কান ওপেনিং জুটিতে বিশ্ব রেকর্ডের পর এমনটা কেউ ভাবতে পেরেছিলেন! আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিরোশান ডিকভেলা কালও ছুঁয়েছেন তিন অঙ্ক (১১৬), সঙ্গী গুনাতিলকা আগের ম্যাচে সেঞ্চুরি পেলেও কাল থেমেছেন ৮৭ রানে। তবে সেঞ্চুরি না পান, ৩৬তম ওভারে দলীয় ২০৯ রানে আউট হওয়ার আগে বিশ্ব রেকর্ডটা নিশ্চিত করে গেছেন গুনাতিলকা। আগের ম্যাচের পর কালও লঙ্কান ওপেনাররা গড়লেন দ্বিশতক জুটি—টানা দুই ম্যাচে কোনো নির্দিষ্ট জুটির দুই শ পেরোনোর রেকর্ড ওয়ানডেতে এই প্রথম!
৩৫.২ ওভারে ১ উইকেটে ২০৯, সেখান থেকে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০০! হাতে ৯ উইকেট নিয়ে শেষ ১৫ ওভারে মাত্র ৯২ রান! শ্রীলঙ্কার ম্যাচ হেরে যাওয়ার একটা কারণ এটিই। আরেকটা কারণ? আরভিন।
জিম্বাবুয়ে শুরু থেকে শেষ পর্যন্তই ছিল আক্রমণাত্মক। ২১তম ওভারে বৃষ্টি নামার সময় তাদের রান ছিল ৩ উইকেটে ১৩৯। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখনই শ্রীলঙ্কার চেয়ে ৯ রানে এগিয়ে। বৃষ্টির পর নতুন লক্ষ্য ঠিক হলো। দ্রুত রান তোলার চাপ, ম্যাচ জয়ের তাড়া...সবই জয় করে নিলেন আরভিন। ৫৫ বলে ৬৯ রানের ইনিংসে মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। শেষ দিকে ম্যালকম ওয়ালারের ১৩ বলে ২০ রানও রেখেছে বড় অবদান।
এই হারে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে আরও ২ পয়েন্ট পেছাল শ্রীলঙ্কা। সাতে থাকা বাংলাদেশের পয়েন্ট ৯৪, লঙ্কানদের ৯০। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০০/৬ (ডিকভেলা ১১৬, গুনাতিলকা ৮৭, ম্যাথুস ৪২, থারাঙ্গা ২২; ওয়ালার ২/৪৪, এমপোফু ২/৬১)। জিম্বাবুয়ে: ২৯.২ ওভারে ২১৯/৬ (ডি-এল) (আরভিন ৬৯*, মায়ার ৪৩, মুসাকান্দা ৩০, মাসাকাদজা ২৮; হাসারাঙ্গা ৪০/৩)। ফল: জিম্বাবুয়ে ৪ উইকেটে জয়ী (ডি-এল পদ্ধতিতে)।
ম্যান অব দ্য ম্যাচ : ক্রেগ আরভিন।